বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ছাত্রদলের কমিটিতে সহসভাপতি ও যুগ্ম সম্পাদকসহ একাধিক পদে ডজনখানেক ছাত্রলীগ নেতাকর্মীকে পদায়ন করা হয়েছে। শুক্রবার ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১২৭ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ছাত্রলীগের কর্মীদের কমিটিতে স্থান দেওয়ায় ছাত্রদলের ত্যাগী নেতাকর্মীদের পাশাপাশি ক্যাম্পাসের সরব ছাত্র সংগঠনের নেতারাও ফেসবুক পোস্টে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।নাম প্রকাশ না করার শর্তে ছাত্রদলের একাধিক নেতা হতাশা ও ক্ষোভ প্রকাশ করে বলেছেন অন্তত ১৩ জন ছাত্রলীগের সক্রিয় কর্মীকে কমিটিতে স্থান দেওয়া হয়েছে। অনেকে একে ছাত্রলীগের পুনর্বাসন হিসাবে আখ্যা দিচ্ছেন।

অভিযোগকারীদের তথ্যানুযায়ী ছাত্রদলের নতুন কমিটি ও বিগত দিনের ছাত্রলীগের বিভিন্ন অনুষ্ঠানের ছবি ও ভিডিও বিশ্লেষণ করে ছাত্রলীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। প্রাপ্ত তথ্যানুযায়ী কমিটিতে ছাত্রলীগ সংশ্লিষ্টদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন-৪ নম্বর সহসভাপতি মিঞা বাবুল, ৩ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন, ২২ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মো. জিহাদুল ইসলাম, ১১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক আরমান হোসেন, ১২ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক, মো. ইমরান, ২০ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক, আব্দুল্লাহ নুর কাফি, ৫ নম্বরসহ সাংগঠনিক সম্পাদক শাহ তাকভীর সিয়াম, ৯ নম্বর সহসাংগঠনিক সম্পাদক প্রিতম দাস, ১০ নম্বর সহসাংগঠনিক সম্পাদক বর্ণ বরন সরকার, গণশিক্ষাবিষয়ক সম্পাদক রবিন আহমেদ তানভীর।

ছাত্রলীগ সংশ্লিদের নিয়ে ছাত্রদলের কমিটির বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ হোসাইন শান্ত বলেন, ছাত্রলীগের সংখ্যাটা আরও বেশি হবে। এছাড়াও এই কমিটি প্রকাশে ববির নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের মতামত নেওয়া হয়নি।

ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক তারেক হাসান বলেন, জুলাই-আগস্ট অভ্যুত্থানে যাদের অবদান ছিল তারা অন্য রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট থাকলেও যাদের নিয়ে বিতর্ক নেই তাদের কমিটিতে রাখা হয়েছে। কমিটিতে ত্যাগী নেতাদের মূল্যায়ন না করা ও সিনিয়র জুনিয়রদের মেইনটেইন না করার বিষয়ে বলেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে পরামর্শ করে কমিটি দেওয়া হয়েছে, এখানে নতুন করে কোনো বিষয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই।