চীনের হুনান প্রদেশে একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ৬১ জন। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, সোমবার বিকেলে চাংশা শহরে এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের পরপরই প্রায় ৫০০ উদ্ধারকর্মী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন এবং ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়।

প্রতিবেদন অনুযায়ী, কারখানার দুটি ব্ল্যাক পাউডার গুদাম থাকায় ঝুঁকি আরও বেড়ে যায়। পরিস্থিতি মোকাবিলায় উদ্ধারকাজে তিনটি রোবটও ব্যবহার করা হচ্ছে।

ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হলেও সে বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি।

এদিকে, ঘটনার পর দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। পাশাপাশি শিল্প খাতে নিরাপত্তা ঝুঁকি চিহ্নিত করে তা নিয়ন্ত্রণে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।