রাজধানীর শাহজাহানপুরের একটি বাসা থেকে ফাহিমুল ইসলাম নামে বিমানবন্দরের এক লোডারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, এটি আত্মহত্যা। তবে পরিবারের দাবি, তিনি আত্মহত্যা করতে পারেন না। ভিন্ন ঘটনা ঘটেছে।
শুক্রবার (৫ জুন) সকালে শাহজাহানপুরের শান্তিবাগের একটি বাসা থেকে ফাহিমুল ইসলামের মরদেহ উদ্ধার করে পুলিশ। তার ছোট ভাই ফাহমিদ আব্দুস ও শাহজাহানপুর থানা পুলিশ শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের ছোট ভাই ফাহমিদ বলেন, ফাহিমুল বিমানবন্দরে চাকরি করতেন। দেব নামে তার এক বসের সঙ্গে শান্তিবাগে থাকতেন।
তিনি বলেন, আজ আমার ভাইয়ের জন্মদিন ছিল। সকালেও তিনি বিভিন্ন জনকে মেসেজ দিয়েছেন। পরে পুলিশ আমাদের তার ঝুলন্ত মরদেহ উদ্ধারের বিষয়টি জানিয়েছেন। কিন্তু ভাই আত্মহত্যা করার মতো লোক না। এর পেছনে অন্য কোনো ঘটনা আছে।
ফাহমিদ অভিযোগ করে বলেন, তার ভাইয়ের দুটি আইফোন ছিল। তার লাশ উদ্ধারের সময় সেগুলো পুলিশের কাছে ছিল। কিন্তু পুলিশ তাদের একটি ফোন দিয়েছে। আরেকটি ফোন নিয়ে তালবাহানা করছে।
এ বিষয়ে শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) ফরিজ উদ্দিন মন্ডল বলেন, ফাহিমুলের রুমমেট দেব দুই দিন আগে রাঙামাটি যান। এর মধ্যে শুক্রবার সকাল ৮টার দিকে ফাহিমুল নিজের ঝুলন্ত অবস্থার একটি ছবি তুলে দেবের কাছে পাঠান। ছবির সঙ্গে তিনি লিখেছিলেন, ‘আমি আত্মহত্যা করছি’।

ডেস্ক রিপোর্ট 



















