অস্ট্রেলিয়াপ্রবাসী বাংলাদেশি বিজ্ঞানী ড. আবু আলী ইবনে সিনা বিশ্বকে চমকে দিয়েছেন তাঁর নতুন উদ্ভাবনের মাধ্যমে—একটি ডিভাইস, যা মাত্র ১০ মিনিটে ক্যানসার শনাক্ত করতে সক্ষম। ছোট পরিসরে সফল ক্লিনিক্যাল ট্রায়ালের পর ডিভাইসটি এখন বড় পরিসরের পরীক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে।
চাঁদপুরের বাবুরহাটের এই গর্বিত সন্তান বলেন,
“এ পদ্ধতির সবচেয়ে বড় সুবিধা হলো এটি অত্যন্ত সুলভমূল্যের এবং প্রক্রিয়াটি খুবই সহজ। তাই যে কোনো ক্লিনিকেই এ টেস্ট করানো সম্ভব। এতে খরচ কমবে প্রায় ৮০ শতাংশ। বিশেষ এক ধরনের তরল ব্যবহার করা হয়, যা ক্যানসার কোষের উপস্থিতিতে রং পরিবর্তন করে মাত্র ১০ মিনিটেই ফল জানিয়ে দেয়।”
বাংলাদেশি বংশোদ্ভূত এই বিজ্ঞানী ‘ডেভেলপমেন্ট অব পয়েন্ট অফ কেয়ার টেকনোলজি ফর দ্য ডিটেকশন অফ ক্যানসার বায়োমার্কস’ প্রজেক্টের অন্যতম সদস্য। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রসায়নে পড়াশোনা ও শিক্ষকতা শেষে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করেন। বর্তমানে তিনি ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস-এর বায়োমেডিকেল সায়েন্স বিভাগের সিনিয়র লেকচারার ও গবেষক হিসেবে কর্মরত আছেন। তাঁর নিজস্ব গবেষণাগার ‘সিনা ল্যাব’-এ বিভিন্ন দেশের গবেষকরা কাজ করছেন।
ড. সিনা আরও জানান,
“হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় যুক্তরাষ্ট্রের একটি বড় প্রতিষ্ঠান এ ডিভাইসটির বাণিজ্যিকীকরণে কাজ শুরু করেছে। কয়েক মিলিয়ন ডলারের বিনিয়োগে এক থেকে দেড় বছরের মধ্যেই এটি বাজারে আসবে। প্রাথমিক পর্যায়ে ক্যানসার শনাক্ত সম্ভব হলে কোটি মানুষের জীবন রক্ষা করা যাবে।”
এই উদ্ভাবন শুধু প্রযুক্তিগত নয়, মানবিকভাবেও এক বিপ্লবী পদক্ষেপ, যা বিশ্বজুড়ে ক্যানসার নির্ণয় ও চিকিৎসাকে করবে দ্রুত, সহজলভ্য ও সাশ্রয়ী।

