বেলজিয়ামে প্রধানমন্ত্রী বার্ট ডে ভেভার এবং অন্যান্য রাজনীতিকদের ওপর ড্রোন দিয়ে বোমা হামলার পরিকল্পনার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করেছেন বেলজিয়ামের ফেডারেল প্রসিকিউটর অ্যান ফ্রানসেন। খবরটি জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজনদের বিরুদ্ধে ‘সন্ত্রাসী হত্যাচেষ্টা’ এবং ‘সন্ত্রাসী সংগঠনের কর্মকাণ্ডে অংশগ্রহণের’ অভিযোগে তদন্ত চলছে। এর মধ্যে একজনকে ছেড়ে দেওয়া হলেও বাকি দুইজনকে শুক্রবার (১০ অক্টোবর) আদালতে তোলা হচ্ছে।

ফ্রানসেন জানান, অভিযুক্তরা জিহাদি মতাদর্শে প্রভাবিত হয়ে রাজনীতিকদের লক্ষ্য করে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করেছিল। তারা এমন একটি ড্রোন তৈরি করার পরিকল্পনাও করেছিল, যা বিস্ফোরক বহন করতে সক্ষম।

নিরাপত্তার কারণে অভিযুক্তদের নাম প্রকাশ করা হয়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন যে প্রধানমন্ত্রীর ওপর হামলার লক্ষ্য ছিল বার্ট ডে ভেভার।