জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, জুলাই সনদের আদেশ অবশ্যই ড. ইউনুসকে দিতে হবে। বহুল আলোচিত ‘জুলাই সনদ আদেশ’ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।
সোমবার (১০ নভেম্বর) রাতে জেলা শিল্পকলা একাডেমিতে এনসিপির চাঁদপুর জেলার সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় হাসনাত বলেন, “গুন্ডা-পান্ডা নয়, নিরীহ জনগণকে নিয়ে নাহিদ ইসলামের নেতৃত্বে আগামীর সরকার গঠন করবে এনসিপি।”
তিনি আরও বলেন, যারা মামলা বাণিজ্য ও চাঁদাবাজির রাজত্ব কায়েম করেছে, তাদের সঙ্গে কোনো জোট নয়। শহীদ জিয়ার আদর্শ থেকে সরে গিয়ে হাইব্রিড নেতারা বিএনপিকে হাইজ্যাক করে নিয়েছে। তাই বিএনপির মনোনয়ন বঞ্চিত, স্বচ্ছ ও ফ্রেশ ইমেজের নেতাদের জন্য এনসিপির দরজা খোলা। “আমরা সবাইকে নিয়েই নাহিদ ইসলামের নেতৃত্বে আগামীর সরকার গঠন করব,” যোগ করেন তিনি।
হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, “যারা সংস্কার বিশ্বাস করে, তাদের নিয়ে জোট করবো। কিন্তু যাদের ইমেজ সংকটে, তাদের সঙ্গে জোট করার চেয়ে মরে যাওয়া ভালো।”
সভায় এনসিপি চাঁদপুর জেলার সমন্বয়কারী মাহবুব আলমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় মুখ্য যুগ্ম সংগঠক মো. আতাউল্লাহ, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিরাজ মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমি কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে নেতাকর্মীদের উপস্থিতিতে, শাপলা-কলির স্লোগানে মুখরিত হয় পুরো মিলনায়তন।

ডেস্ক রিপোর্ট 



















