ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর দলীয় দায়িত্বশীল ও কর্মীদের প্রতি সব ধরনের নির্বাচনী প্রচারসামগ্রী সরিয়ে নিতে আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (১২ ডিসেম্বর) ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি নির্বাচনকে সুষ্ঠু ও সফল করতে যৌক্তিক সকল সহযোগিতার প্রস্তুতির কথাও জানান।
স্ট্যাটাসে তিনি বলেন, “গতকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। স্বাগতম। ঘোষিত এই নির্বাচনকে সুষ্ঠু ও সফল করার জন্য যৌক্তিক সব ধরনের সহযোগিতার জন্য আমরা প্রস্তুত। ঘোষিত আরপিও অনুযায়ী ৪৮ ঘণ্টার মধ্যে বিভিন্ন প্রচার উপকরণ নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার জন্য দেশের সকল পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীদের প্রতি আহ্বান জানাই।”
এর আগে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) নির্বাচন কমিশন (ইসি) তফসিল ঘোষণা করে জানায়, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষণার পরই সারা দেশে সম্ভাব্য প্রার্থীদের ব্যানার, ফেস্টুন, বিলবোর্ডসহ সব প্রচারসামগ্রী ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশ দেয় ইসি।
১০ ডিসেম্বর ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখা থেকে এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগের সচিবকে চিঠি পাঠানো হয়। সেখানে তফসিল ঘোষণার পর সম্ভাব্য প্রার্থী বা সংশ্লিষ্টদের পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, গেট, তোরণ, প্যান্ডেল, আলোকসজ্জা ও নির্বাচনী ক্যাম্পসহ সব উপকরণ অপসারণের কথা জানানো হয়। একই সঙ্গে সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

ডেস্ক রিপোর্ট 



















