ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার (১২ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি জানান, ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, নিউমার্কেট ও কামরাঙ্গীরচরের একটি অংশ নিয়ে গঠিত এ আসনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন।
ভিডিও বার্তায় আসিফ মাহমুদ বলেন, “বড় কোনো রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা, অসংখ্য নিবেদিত কর্মী কিংবা প্রচলিত ব্যবস্থার জন্য প্রয়োজনীয় অর্থ— কোনো কিছুই আমার নেই। আপনাদের সহযোগিতা ও সমর্থনই আমার একমাত্র অবলম্বন। আমার দায়বদ্ধতাও থাকবে শুধুমাত্র আপনাদের প্রতি।”
সংস্কার আন্দোলনের প্রতি সমর্থন জানাতে গণভোটে ‘হ্যাঁ’ ভোট নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “আমি শুধু সংসদ সদস্য পদপ্রার্থী নই, গণভোটেরও প্রার্থী। এত ত্যাগের বিনিময়ে যে দেশ সংস্কারের সুযোগ এসেছে, তা বাস্তবায়নে গণভোটে ‘হ্যাঁ’ দিন।”
উল্লেখ্য, বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা— আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম— পদত্যাগ করেন। তাদের পদত্যাগের পর কোন রাজনৈতিক দলে তারা যোগ দেবেন তা নিয়ে জল্পনা থাকলেও আজকের ভিডিও বার্তায় আসিফ মাহমুদ সজীব স্পষ্ট করেন যে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচনে অংশ নেবেন।

ডেস্ক রিপোর্ট 




















