ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। শুক্রবার দুপুরে বিএনপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়। উল্লেখ্য, মির্জা আব্বাস একই আসনে বিএনপির মনোনীত প্রার্থী।
শুক্রবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর বিজয়নগরের কালভার্ট রোড এলাকায় নির্বাচনি প্রচারণার সময় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়।
ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, তিনটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা ঘটনাস্থলে আসে। তাদের মধ্যে একটি মোটরসাইকেল থেকে হাদিকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়।
ঢামেক জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মোশকাত আহমেদ জানান, শরিফ ওসমান হাদীর মাথায় গুলি লেগেছে এবং তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তিনি বর্তমানে কোমায় আছেন।

ডেস্ক রিপোর্ট 



















