নিষ্ঠা, একাগ্রতা এবং পেশাদারিত্বের সঙ্গে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে ইস্টবেঙ্গল রেজিমেন্টের সব সদস্যের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
গতকাল চট্টগ্রাম সেনানিবাসে দি ইস্টবেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে (ইবিআরসি) অনুষ্ঠিত ইস্টবেঙ্গল রেজিমেন্টের (ইবিআর) ৩৮তম বার্ষিক অধিনায়ক সম্মেলন-২০২৫–এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
আইএসপিআর জানায়, ইস্টবেঙ্গল রেজিমেন্টের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে সেনাপ্রধান রেজিমেন্টের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। অনুষ্ঠানের শুরুতে তিনি ইস্টবেঙ্গল রেজিমেন্টের গৌরবোজ্জ্বল ইতিহাস স্মরণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদ হওয়া বীরদের আত্মার মাগফিরাত কামনা করেন।
ইবিআরসিতে পৌঁছালে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি, ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও চট্টগ্রাম এরিয়ার এরিয়া কমান্ডার এবং রেজিমেন্টাল সেন্টারের কমান্ড্যান্ট সেনাপ্রধানকে অভ্যর্থনা জানান।
আয়োজনে উপস্থিত ছিলেন আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি, ২৪ পদাতিক ডিভিশনের জিওসি, চট্টগ্রাম এরিয়ার এরিয়া কমান্ডার, কমান্ড্যান্ট ও পাপা টাইগার, ইবিআরসি, মিলিটারি সেক্রেটারি, অ্যাডজুট্যান্ট জেনারেল, বিআইআরসির কমান্ড্যান্ট, বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান, সেনাসদর ও চট্টগ্রাম এরিয়ার ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা, সব পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার, ইউনিট অধিনায়ক এবং গণমাধ্যমকর্মীরা।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন.

ডেস্ক রিপোর্ট 



















