ছেলের ‘দায়’ মেটাতে বৃদ্ধ বাবাকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ
লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নে লিবিয়া প্রবাসী ছেলেকে কেন্দ্র করে মো. আব্দুল মোন্নাফ (৬২) নামে এক বৃদ্ধকে মসজিদের সামনে আম গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। শুক্রবার (৮ মে) দুপুরে পঞ্চগ্রাম ইউনিয়নের সিন্দুরিয়া খামারটারী গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে ভুক্তভোগী বৃদ্ধ লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ১২ জনকে অভিযুক্ত করে সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।
অভিযোগসূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে ওই এলাকার মহির উদ্দিনের ছেলে হাসানুর রহমান ভুক্তভোগী আব্দুল মোন্নাফের ছেলে মিজানুর রহমানের মাধ্যমে লিবিয়ায় যান। সেখানে হাসানুর কর্মস্থলে সমস্যায় পড়ায় তাকে দেশে ফিরিয়ে আনার জন্য আব্দুল মোন্নাফের ওপর দীর্ঘদিন ধরে চাপ দিয়ে আসছিলেন অভিযুক্তরা। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চরমে পৌঁছে।
অভিযোগে বলা হয়, গত শুক্রবার জুমার নামাজ শেষে আব্দুল মোন্নাফ স্থানীয় জামে মসজিদ থেকে বের হওয়ার সময় পূর্বপরিকল্পিতভাবে অভিযুক্তরা তাকে ঘিরে ফেলে। এরপর তাকে টেনেহিঁচড়ে মসজিদের পাশের আম গাছে নিয়ে গিয়ে রশি দিয়ে বেঁধে নির্যাতন করা হয়। এ সময় তার পকেটে থাকা কিছু টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে। তাকে বাঁচাতে এগিয়ে গেলে তার ভাতিজা মিঠু মিয়াও আহত হন। ঘটনার সময় স্থানীয়রা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অভিযুক্তরা পালিয়ে যায়।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাদ আহমেদ ঘটনার সত্যতা ও অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওও আমাদের কাছে রয়েছে। দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নিতে অভিযান চলছে।

ডেস্ক রিপোর্ট 



















