ঝিনাইদহে পূর্বনির্ধারিত কর্মসূচিতে নিজের ওপর হামলার ঘটনার বর্ণনা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী। রবিবার (২৪ মে) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ ঘটনার বিস্তারিত তুলে ধরেন।
পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, “আমি নামাজ পড়তে গিয়েছিলাম। সালাম ফিরিয়ে মসজিদ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই আমার ওপর ডিম নিক্ষেপ করা হয়, ইট-পাটকেল ছোড়া হয় এবং হকিস্টিক দিয়ে আঘাত করা হয়। এ সময় আমার ক্যামেরা, মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়।”
তিনি আরও বলেন, “বিচারের আশায় থানায় গেলাম। সেখানে ৮ ঘণ্টা বিদ্যুৎ সংযোগ বন্ধ রেখে রাতের অন্ধকারে হাজারো সন্ত্রাসী দিয়ে হামলার পরিবেশ তৈরি করা হলো। হাসপাতালে স্ট্রোক করা বাবার পাশ থেকে সন্তানকে ঘুম থেকে তুলে নেওয়া হলো। যারা আমাকে হত্যার চেষ্টা করেছে, শেষ পর্যন্ত তাদেরই জামিন দেওয়া হয়েছে।”
এনসিপির এই নেতা বলেন, “যদি এটাই হয় তোমাদের শাসনব্যবস্থা ও রাজনৈতিক পরিকল্পনা, তাহলে সেখানে হয়তো ভেড়ার দল জায়গা খুঁজে পাবে। কিন্তু আমার মতো স্বাধীনচেতা মানুষের পক্ষে অন্যায় ও ভয়ের রাজনীতির সঙ্গে পথচলা সম্ভব নয়।”
পোস্টের শেষাংশে তিনি লেখেন, “অয়নকে দ্রুত তার বাবার কাছে ফিরিয়ে দিন।”

ডেস্ক রিপোর্ট 


















