পাকিস্তানের ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) প্রাদেশিক পরিষদের সদস্য (এমপিএ) সাকিব চাধারের বিরুদ্ধে অভিযোগ এনেছেন অভিনেত্রী ও মডেল মোমিনা ইকবাল। হয়রানি, ব্ল্যাকমেল ও প্রাণনাশের হুমকির অভিযোগে এফআইআর করেছেন তিনি।
গত ২২ মে (শুক্রবার) পুলিশের কাছে এফআইর দায়ের করেন এই অভিনেত্রী।
জিও টিভি এক প্রতিবেদনে জানিয়েছে, লাহোরের চুং থানায় করা এফআইআরে মোমিনা অভিযোগ করেন, সাকিব চাধার তাকে ও তার হবু স্বামীকে ফোন করে হুমকি দিচ্ছেন।
মোমিনা আরও দাবি করেন, এমপিএ সাকিব চাধার আগে থেকেই দুই নারীকে বিয়ে করেছেন জানতে পেরে তার প্রস্তাব প্রত্যাখ্যান করায় অশালীন ভাষা ব্যবহার করে আসছেন তিনি।
এ অভিনেত্রী অভিযোগ করেছেন, প্রস্তাব প্রত্যাখ্যান করার পর তাকে ব্ল্যাকমেল শুরু করেন সাকিব। অভিযোগে তার হোয়াটসঅ্যাপ বার্তা এবং ভিডিও কলের কথাও উল্লেখ করা হয়েছে। তার বোনের ফোনেও এ ধরনের হুমকিমূলক বার্তা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
প্রতিবেদনে আরও বলা হয়, মোমিনা ইকবাল তার আইনজীবীদের সঙ্গে চুং থানায় গিয়ে স্টেশন হাউস অফিসার (এসএইচও) ফাহিম ইমদাদকে অবহিত করেছেন বিষয়টি।
এ বিষয়ে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ বলেছেন, মোমিনা ও সাকিব সম্পর্কিত মামলায় ‘ব্যক্তিগত তথ্য’ সংগ্রহের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব, চাপ বা হুমকি দেওয়া হলে কঠোর ও আপসহীন ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেস্ক রিপোর্ট 


















