রাঙামাটিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহম্মদের পরিবারকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে রাসেল মাহমুদ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৩ মে) সন্ধ্যায় রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ার শফিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনায় এলাকায় বলে জানা যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়েকে নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন রাসেল মাহমুদ। পরবর্তীতে পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয় এবং বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বাঙ্গালহালিয়া ছাত্রদলের সভাপতি জুনায়েদ বলেন, রাসেল মাহমুদ ২০১৮-১৯ সালে বাঙ্গালহালিয়া কলেজ ছাত্রদলের সভাপতি ছিলেন। এছাড়া তার বাবা রাজস্থলী উপজেলা কৃষকদলের সভাপতির দায়িত্ব পালন করেছেন।
এদিকে, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা টের পেয়ে শনিবার বিকেলে রাসেল মাহমুদ তার ফেসবুক পোস্টটি মুছে ফেলেন এবং একটি ভিডিও বার্তায় ক্ষমা প্রার্থনা করেন। ভিডিওতে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর পরিবারের কাছে দুঃখ প্রকাশ করে বলেন, সমালোচনা করতে গিয়ে তিনি ‘অতিরঞ্জিত’ ভাষা ব্যবহার করেছেন এবং ভবিষ্যতে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকবেন।
ক্ষমা চেয়ে দেয়া ওই পোস্টে রাসেল নিজেকে বিএনপি পরিবারের সদস্য ও ছাত্রদলের কর্মী বলে দাবি করেন। ভিডিও বক্তব্যেও তিনি অতীতে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কথা উল্লেখ করেন।
চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এম সাকের জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক আসামিকে শনিবার সন্ধ্যায় গ্রেপ্তারের পর রাঙামাটি সদর থানায় পাঠিয়ে দেয়া হয়েছে। তিনি আরও জানান, আসামি সম্ভবত অন্য একটি মামলারও সন্দেহভাজন আসামি।
এ বিষয়ে রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব জানান, গ্রেপ্তারকৃত রাসেল মাহমুদ রাঙামাটি সদরের অন্য একটি মামলার এজাহারনামীয় আসামি। তাই তাকে সুনির্দিষ্ট সেই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।

ডেস্ক রিপোর্ট 


















