জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাচার করা ব্যক্তিদের পুনরায় ব্যাংকের মালিকানা দেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে। অথচ দেশের অর্থনীতি বর্তমানে খাদের কিনারায় দাঁড়িয়ে। ব্যাংক খাতে লুটপাটের সুবিধাভোগীদের আবার মালিকানা ফিরিয়ে দেওয়ার উদ্যোগ শ্রমিকসহ সাধারণ জনগণের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে।
শুক্রবার (১ মে) রাজধানীর শাহাবাগে আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক শক্তি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
আখতার হোসেন বলেন, মাত্র সাড়ে ৫ শতাংশ টাকা দিয়ে যদি তারা আবার ব্যাংকের মালিক হয়ে যায়, তাহলে যারা একসময় লুট করেছে, তারা আবারও একই কাজ করবে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে শ্রমিকরা। এ ধরনের সিদ্ধান্ত বাস্তবায়িত হলে দেশের অর্থনৈতিক প্রবাহ ভেঙে পড়বে এবং কর্মসংস্থান সংকুচিত হয়ে শ্রমিকদের মজুরি আরও কমে যাবে।
তিনি বলেন, দেশের অধিকাংশ শ্রমিক এখনও ন্যূনতম মজুরির নিচে জীবনযাপন করছেন। শ্রমিক পরিবারের সন্তানরা শিক্ষা ও উন্নতির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। অনেক ক্ষেত্রে তারা বংশানুক্রমিকভাবে শ্রমজীবী জীবনেই আটকে যাচ্ছে।
তিনি বলেন, যারা একসময় ব্যাংক থেকে টাকা লুট করেছে, তাদের হাতে আবার মালিকানা ফিরিয়ে দেওয়া মানে রাষ্ট্রীয় অর্থনীতিকে আরও দুর্বল করে দেওয়া।
এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য হান্নান মাসুদ ও যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ প্রমুখ বক্তব্য দেন।

ডেস্ক রিপোর্ট 












