নওগাঁর আত্রাই উপজেলার ভোঁপাড়া ইউনিয়ন পরিষদের সরকারি সম্পদ হিসেবে থাকা কয়েকটি জানালা অনুমোদিত প্রক্রিয়া অনুসরণ না করে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিমুদ্দিনের বিরুদ্ধে।
মঙ্গলবার দুপুরে দুটি ভ্যানে করে পরিষদের জানালাগুলো চেয়ারম্যানের বাড়িতে নেওয়ার সময় স্থানীয়রা ভ্যান দুটি আটক করেন। পরে চেয়ারম্যান নাজিমুদ্দিনকে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অবরুদ্ধ করে রাখেন তারা।
স্থানীয়দের অভিযোগ, ইউনিয়ন পরিষদ ভবনের বেশ কয়েকটি জানালা ভ্যানে করে সরিয়ে নেওয়া হচ্ছিল। বিষয়টি নজরে এলে তারা ভ্যানের গতিরোধ করে জানালাগুলো আটকে দেন। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়লে শত শত মানুষ পরিষদ এলাকায় জড়ো হন।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান ছুটিতে থাকায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়টি জানান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের নির্দেশ দেন। পরে ভূমি কর্মকর্তা মো. আতিকুর রহমান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কায় পুলিশ চেয়ারম্যান নাজিমুদ্দিনকে নিরাপত্তা দিয়ে পিকআপে করে ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়।
ভূমি কর্মকর্তা মো. আতিকুর রহমান বলেন, সরকারি সম্পদ অন্যত্র নেওয়ার সময় স্থানীয়রা মালামাল জব্দ করেন। পরে তারা ঘটনাস্থলে গিয়ে জানালাগুলো উদ্ধার করে হেফাজতে নিয়েছেন। তিনি আরও দাবি করেন, চেয়ারম্যান নাজিমুদ্দিন অভিযোগের বিষয়টি স্বীকার করেছেন।
এদিকে, ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুল হক বাবু ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, ইউনিয়ন পরিষদের সরকারি সম্পদ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যক্তিগত সম্পত্তি নয়। এসব সম্পদ অপসারণ, হস্তান্তর বা নিলামের ক্ষেত্রে নির্ধারিত বিধি-বিধান ও কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কোনো অনুমোদন ছাড়াই সরকারি সম্পদ সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়ে থাকলে এর সুষ্ঠু তদন্ত এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া জরুরি।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের দাবি, জানালাগুলো কীভাবে, কার নির্দেশে এবং কোন প্রক্রিয়ায় সরিয়ে নেওয়া হচ্ছিল—তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
এদিকে, নিরপেক্ষ তদন্ত ও আইনানুগ ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত চেয়ারম্যান নাজিমুদ্দিনকে ইউনিয়ন পরিষদে বসতে না দেওয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয়রা। ফলে পরিষদের স্বাভাবিক কার্যক্রম নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ডেস্ক রিপোর্ট 
























