বাড়িতে অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও প্রকাশ করেন মো. আব্দুল্লাহ সিফাত (২৭)। ভিডিওতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি ও অকথ্য ভাষা ব্যবহারের অভিযোগে তাকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে গাজীপুর মহানগরের গাছা থানা পুলিশ সিফাতকে আটক করে।
চড়া দামে চীনা বিদ্যুৎ কেন কিনছে বাংলাদেশ
আব্দুল্লাহ সিফাত গাজীপুর মহানগরীর ৩৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ খাইলকুর টিনের মসজিদ এলাকার বাসিন্দা। তিনি ‘ইনকিলাব মঞ্চ’র গাছা শাখার সদস্য বলে জানা গেছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, সম্প্রতি বাড়িতে অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ জানিয়ে ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন সিফাত। ভিডিওটিতে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে অশালীন ও কটূক্তিপূর্ণ বক্তব্য দেন তিনি। বিষয়টি পুলিশের নজরে আসার পর তাকে আটক করা হয়।
তবে সিফাতকে আটকের খবর ছড়িয়ে পড়ার পর গাছা থানার সামনে জড়ো হতে থাকেন তার রাজনৈতিক সহকর্মীরা। একপর্যায়ে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন গাজীপুর মহানগর যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম তারেক ও সিনিয়র মুখ্য সংগঠক শাকিল সর্দারের নেতৃত্বে নেতাকর্মীরা থানার সামনে অবস্থান নেন। সিফাতকে মুক্তি না দেওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
এদিকে বৃহস্পতিবার রাতেই থানার সামনে আসেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। এ সময় দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ প্রসঙ্গে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রাব্বানী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীকে নিয়ে কটু কথা বলার অভিযোগে আব্দুল্লাহ সিফাতকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

ডেস্ক রিপোর্ট 


















