২০১৭ সালে তৎকালীন মন্ত্রী ওবায়দুল কাদেরের ‘ভালো হয়ে যাও মাসুদ’ মন্তব্যের পর আলোচনায় আসা বিআরটিএ কর্মকর্তা মো. মাসুদ আলমকে চট্টগ্রাম থেকে ঢাকা বিভাগীয় অফিসে বদলি করা হয়েছে।
গত ৩১ আগস্ট বিআরটিএ চেয়ারম্যানের কার্যালয় থেকে জারি করা আদেশে তাকে ঢাকা বিভাগীয় অফিসের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) পদে দায়িত্ব দেওয়া হয়। তার স্থলাভিষিক্ত হয়েছেন ঢাকার পরিচালক শফিকুজ্জামান ভূঞা। একই আদেশে আরও কয়েকজন কর্মকর্তার দায়িত্ব পরিবর্তন করা হয়েছে।
এর আগে গত ৭ মার্চ মাসুদ আলমকে বিআরটিএ সদর কার্যালয়ে বদলির আদেশ দেওয়া হলেও তা কার্যকর হয়নি। পরে আদেশটি বাতিল হয়।
২০১৭ সালে সেবাগ্রহীতাদের অভিযোগের পর মিরপুর বিআরটিএ কার্যালয়ের এক অনুষ্ঠানে ওবায়দুল কাদেরের মন্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মাসুদ আলম ‘ভাইরাল মাসুদ’ নামে পরিচিতি পান।
২০২৪ সালের মার্চে চট্টগ্রাম বিভাগীয় পরিচালক হিসেবে যোগ দিয়ে দুই বছরের বেশি সময় সেখানে দায়িত্ব পালন করেন তিনি।

ডেস্ক রিপোর্ট 


















