নওগাঁর সাপাহার সীমান্তে গভীর রাতে ১৭জন নারী-পুরুষকে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফ।
বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার কলমুডাঙ্গা সীমান্তের অদূরে ২৩৭নং মেইন পিলার এলাকার চকচকির বিল দিয়ে তাদের পুশইন করা হয়েছে। বর্তমানে তারা শূন্য রেখায় অবস্থান করছেন। আর উভয় সীমান্তে বিজিবি ও বিএসএফ মোতায়েন করা হয়েছে।
নওগাঁ ১৬ বিজিবি সূত্রে জানা যায়, ওইদিন গভীর রাতে ভারতীয় বিএসএফ জোয়ানরা তাদের দেশের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে সাপাহার সীমান্তের ওই এলাকা দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে পাঠিয়ে দেয়। রাতেই তারা বোরো ধান ক্ষেতের মধ্য দিয়ে প্রায় ৭ কিলোমিটার পথ পায়ে হেঁটে শুক্রবার ভোরে সাপাহারের কলমুডাঙ্গা চৌমহোনী এলাকায় বাজারে এসে বিশ্রাম নেয়।আঞ্চলিক সংবাদ প্রতিবেদন
ভোরে এলাকার লোকজন তাদের দেখে পুশইনের ঘটনা শুনে স্থানীয় কলমুডাঙ্গ বিওপি ক্যাম্পে সংবাদ দেয়। সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাথে সাথে তাদের পুশব্যাক করার উদ্দেশে ২৩৭ পিলার এলাকায় তাদের নিয়ে যায়।
ইতোমধ্যেই ভারতীয় বিএসএফ সদস্যরা ঘটনাস্থলে এসে বিজিবি সদস্যদের পুশব্যক প্রক্রিয়ায় বাধা প্রদান করে। বর্তমানে ঘটনাস্থলে বাংলাদেশের পক্ষে বিজিবি ও ভারতের পক্ষে বিএসএফ সদস্যরা মুখোমুখি অবস্থান করছেন এবং জিরোল্যান্ডে পুশইনের শিকার শিশুসহ ১০জন নারী ও ৭জন পুরুষ অপেক্ষায় ঘাসের মধ্যে পড়ে রয়েছে।
নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, সংবাদ পাওয়ার পরে ওই এলাকায় টহল জোরদার করা হয়েছে। অবৈধভাবে বাংলাদেশে কাউকে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না। তাদেরকে ভারতীয় ভূখণ্ডে পাঠানোর (পুশব্যাক) কার্যক্রম চলমান রয়েছে। আমি নিজে ঘটনাস্থলে আছি।

ডেস্ক রিপোর্ট 


















