নাটোরে বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা এবং জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পথসভাস্থল থেকে আটক যুবকের কাছ থেকে উদ্ধার করা অস্ত্রটি খেলনা পিস্তল বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় নাটোর সদর থানায় সাংবাদিকদের এ তথ্য জানান নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইফতে খায়ের আলম।
এর আগে বিকেলে উত্তরা গণভবন পরিদর্শন শেষে গণভবনের প্রধান ফটকের সামনে আয়োজিত পথসভা থেকে ওই যুবককে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়। পরে প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জানায় উদ্ধারকৃত পিস্তলটি কোনো আগ্নেয়াস্ত্র নয়, বরং খেলনা পিস্তল।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আলম বলেন, মন্ত্রী বক্তব্য শেষে মঞ্চ থেকে নামার সময় সন্দেহভাজন যুবকটি তার কাছাকাছি চলে আসে। এ সময় দুইবার ধাক্কা লাগলে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সন্দেহ হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করে তাকে আটক করা হয়।
সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইফতে খায়ের আলম জানান, প্রাথমিক তদন্তে উদ্ধার করা পিস্তলটি খেলনা বলে নিশ্চিত হওয়া গেছে। আটক যুবক কী উদ্দেশ্যে খেলনা পিস্তল নিয়ে মন্ত্রীর অনুষ্ঠানে গিয়েছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে। আটক যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

ডেস্ক রিপোর্ট 





















