যশোরের বাঘারপাড়ার দর্গাহপুর মহিলা আলিম মাদরাসায় বাল্যবিয়ের ভয়াবহ চিত্র উঠে এসেছে। প্রতিষ্ঠানটির আলিম দ্বিতীয় বর্ষের ২৭ জন শিক্ষার্থী এবং চলতি বছর পরীক্ষায় অংশ নেওয়া আটজনের সবাই বিবাহিত। জন্মনিবন্ধনের তথ্য গোপন করে ইউনিয়ন পরিষদের সনদে বয়স ১৮ বছর দেখিয়ে তাদের বিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। এদিকে চলতি বছরের আলিম পরীক্ষায় অংশ নেওয়া আট শিক্ষার্থীর কেউই পাস করতে পারেননি।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আব্দুল কুদ্দুস শিক্ষার্থীদের বিয়ে হয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, বিয়েতে বাধা দিলে অভিভাবকরা মাদরাসায় আর মেয়েদের পাঠাবেন না।

জানা গেছে, এবারের পরীক্ষায় অংশ নেওয়া আট শিক্ষার্থীর সবাই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে ফেল করেছেন। তাঁদের মধ্যে তিনজন ইংরেজি, কুরআন ও হাদিস বিষয়েও অকৃতকার্য হয়েছেন। দীর্ঘদিন আইসিটি শিক্ষক না থাকা, নিয়মিত ক্লাস না হওয়া এবং শিক্ষার্থীদের অনুপস্থিতিকে ফল বিপর্যয়ের কারণ হিসেবে দেখিয়েছেন মাদরাসা কর্তৃপক্ষ।

১৯৮৫ সালে প্রতিষ্ঠিত এই মাদরাসায় বর্তমানে খাতাকলমে ২৫৪ জন শিক্ষার্থী রয়েছেন। এর মধ্যে আলিম দ্বিতীয় বর্ষে ২৭ জন এবং মাধ্যমিক পর্যায়ে ১১৬ জন। প্রতিষ্ঠানটিতে অধ্যক্ষ ও উপাধ্যক্ষসহ মোট ২৫ জন শিক্ষক-কর্মচারী সরকারি বেতন-ভাতা পান।

অধ্যক্ষের দাবি, ২০২৫ সালে ২০২৭ সালের আলিম পরীক্ষার জন্য ভর্তি হওয়া ২৭ জন ছাত্রীর সবাই বিয়ে করেছেন। তাঁদের মধ্যে মাত্র ১০ জন পরীক্ষার প্রস্তুতি নিয়েছেন। পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের সবাই বিবাহিত হওয়ায় পড়াশোনায় মনোযোগের ঘাটতি তৈরি হয়েছে বলেও জানান তিনি।

অন্যদিকে, উপাধ্যক্ষ নজরুল ইসলাম জানান, ২০২৩ সালে আইসিটি শিক্ষক চলে যাওয়ার পর দীর্ঘদিন পদটি শূন্য ছিল। গত ১ জুন নতুন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া সাধারণ গণিত, সমাজবিজ্ঞান, ভৌত বিজ্ঞান, কৃষিশিক্ষা ও কুরআন বিষয়ে কোনো শিক্ষক নেই।

স্থানীয় সূত্রের দাবি, শিক্ষার্থীসংখ্যা ধরে রাখতে পরিচিতজনের মেয়েদের কাগজপত্র সংগ্রহ করে শিক্ষকদের নিজস্ব খরচে ভর্তি করানো হয়। ফলে অনেক শিক্ষার্থী নিয়মিত ক্লাসে আসেন না।

বাল্যবিয়ে প্রতিরোধে পদক্ষেপ নেওয়া প্রসঙ্গে অধ্যক্ষ আব্দুল কুদ্দুস বলেন, এ বিষয়ে বাধা দিলে অভিভাবকরা তাঁদের মেয়েদের মাদরাসায় পাঠাবেন না। জন্মনিবন্ধনের পরিবর্তে ইউনিয়ন পরিষদের সনদে বয়স ১৮ বছর দেখিয়ে বিয়ে নিবন্ধন করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে বাঘারপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশিকুজ্জামান জানান, ফলাফল বিপর্যয়ের কারণ জানাতে মাদরাসাপ্রধানকে চিঠি দেওয়া হয়েছে। অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভূপালী সরকার বলেন, আলিম পর্যায়ের শিক্ষার্থীদের বয়স ১৮ বছরের কম হওয়ার কথা। কীভাবে তাঁদের বিয়ে হচ্ছে, তা খতিয়ে দেখা হবে।