কক্সবাজার সমুদ্র সৈকতে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই পশ্চিমের আকাশে দেখা মেলে রহস্যময় আলোর রেখা। যা দেখতে অনেকটা মিসাইলের আলোর মতো।
পর্যটক ও দর্শনার্থীদের অনেকে জানান, শুক্রবার (৮ এপ্রিল) সন্ধ্যা সাতটার দিকে বিরল এই দৃশ্যের দেখা মেলে সৈকতের লাবনী-সুগন্ধা পয়েন্টে।
খোঁজ নিয়ে জানা গেছে, কক্সবাজার সমুদ্র সৈকতে থাকা পর্যটক ও স্থানীয় বাসিন্দারা হঠাৎ এই দৃশ্যটি দেখে উপভোগ করলেও বেশির ভাগ লোকজন ভয় পেয়েছেন। এ সময় উপস্থিত অনেকে বিরল এই দৃশ্যটি মোবাইল ফোনে তাৎক্ষণিক ভিডিও ও ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করলে মুহূর্তেই ছড়িয়ে পড়ে।
চট্টগ্রাম থেকে বেড়াতে আসা নুর মোহাম্মদ বলেন, ‘হঠাৎ দেখতে পেয়ে প্রথমে ভয় পেয়েছি। দেখতে অনেকটা ইরান-ইসরায়েল যুদ্ধের মিসাইলের মতো। পরে অবশ্য বিষয়টিকে উপভোগ করেছি। বিভিন্ন সময় চাঁদের আলো উপভোগ করেছি। প্রথমবার এমন রেখা দেখতে পেলাম।’
আরেক পর্যটক সাইফুল ইসলাম বলেন, ‘পরিবার নিয়ে বেড়াতে এসেছি। এমন দৃশ্যের সাক্ষী হবো ভাবিনি। তবে সবাই বিষয়টিকে উপভোগ করেছে।’
তবে এ বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হননি কক্সবাজারের আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ আব্দুল হান্নান।

ডেস্ক রিপোর্ট 



















