পশ্চিম তীরে ইসরায়েলি বসতি থেকে আসা পণ্যে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয়ার পর পূর্ব জেরুজালেমে যুক্তরাজ্যের কনস্যুলেট বন্ধের ঘোষণা দিয়েছে ইসরায়েল। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার এ ঘোষণা দিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
পূর্ব জেরুজালেমের এই কনস্যুলেট পশ্চিম তীরে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে স্বীকৃত। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী জানান, যুক্তরাজ্য ইসরায়েলি বসতির পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয়ার পর কনস্যুলেটটি বন্ধ করে দেয়া হচ্ছে।
গিডিয়ন সার আরও বলেন, গাজায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সমন্বয় মিশনে যুক্তরাজ্য আর অংশগ্রহণ নিতে পারবে না। পশ্চিম তীরে ফিলিস্তিনি কর্তৃপক্ষের বাহিনীকে যুক্তরাজ্য পরিচালিত প্রশিক্ষণও বন্ধ করে দেয়া হবে। পাশাপাশি নির্বাচিত কয়েকজন ব্রিটিশ কর্মকর্তা ও অন্যান্য কিছু নাগরিককে ইসরায়েলে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হবে।
তিনি আরও বলেন, ‘ব্রিটিশদের এই পদক্ষেপ নৈতিকভাবে বিকৃত এবং এটি একটি সার্বভৌম রাষ্ট্র ও তার নির্বাচনি প্রক্রিয়ার বিষয়ে নির্লজ্জ হস্তক্ষেপ।’ ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের করা অভিযোগকে ‘জঘন্য মিথ্যাচার’ বলেও আখ্যায়িত করেন তিনি। ইডিডিয়ন সার জানান, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করেই ইসরায়েল এই সিদ্ধান্ত নিয়েছে।
পশ্চিমতীরের বসতির পণ্যে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা
এর আগে ফিলিস্তিনের পশ্চিমতীরে গড়ে তোলা ইসরায়েলি দখলদারদের অবৈধ বসতির ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাজ্য। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড ঘোষণা করেন, এসব অবৈধ বসতিতে ইসরায়েলের তৈরি কোনো পণ্য যুক্তরাজ্যে আমদানি করা হবে না।
মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টে দেয়া বক্তব্যে মিলিব্যান্ড বলেন, পশ্চিম তীরে ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারী বা বসতিস্থাপনকারী সন্ত্রাসীরা জাতিগত নির্মূলের মতো অপরাধ করছে। বসতিস্থাপনকারী সন্ত্রাসীদের এসব কর্মকাণ্ড উপেক্ষা করে যাচ্ছে ইসরায়েলি সরকার। পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারিত্বকেও অবৈধ ঘোষণা করেন এই ব্রিটিশ মন্ত্রী।
পাশাপাশি কানাডা ও ফ্রান্সও এই নিষেধাজ্ঞায় যুক্ত হচ্ছে বলে জানান তিনি। মিলিব্যান্ড বলেন, ‘আমি মনে করি না আমাদের দেশের জনগণ দখলকৃত স্থান থেকে আসা পণ্য গ্রহণ করে ইসরায়েলি দখলদারিত্বকে সমর্থন করবে।’ এ ছাড়া ফিলিস্তিনি ভূখণ্ড নিয়ে ইসরায়েলি বসতিস্থাপনকারীদের কোনো বিজ্ঞাপনও যুক্তরাজ্যে প্রদর্শন করতে দেয়া হবে না বলে জানিয়েছেন তিনি।

ডেস্ক রিপোর্ট 


















