বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, জামায়াতে ইসলামীর নেতাদের ‘ঢাকার চেহারা পাল্টে দেওয়ার’ হুংকারে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে, তারা নির্বাচন বানচালে যুগপৎ আন্দোলন করছে কি না?
শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত মিছিলের আগে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পৌর শহরের ডিএস আলম মাদরাসা মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, ফেব্রুয়ারির নির্বাচন বানচাল করাই একাত্তর ও চব্বিশের গণহত্যাকারীদের একমাত্র লক্ষ্য। নভেম্বরের ১১ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির পরিকল্পনা করছে।
একাত্তরের মুক্তিযুদ্ধ, পঁচাত্তরের সিপাহি জনতার বিপ্লব এবং চব্বিশের ছাত্র গণ-অভ্যুত্থান একই সূত্রে গাঁথা, এক ও অভিন্ন। দখলদার ও আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জাতীয় ঐক্য ও সংহতি নিশ্চিত করে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব সুসংহত ও গণতন্ত্র প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করাই মুক্তিযুদ্ধ, সিপাহি জনতার বিপ্লব এবং ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা।
তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমেই এই গণ-আকাঙ্ক্ষা বাস্তবায়নের বিকল্প নাই। বিএনপি এই গণ-আকাঙ্ক্ষা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।
দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণার আহ্বান জানিয়ে বিএনপির সাবেক এই সাংগঠনিক সম্পাদক বলেন, ফেব্রুয়ারিতে রমজানের আগে নির্বাচন না হলে দেশ মহাবিপর্যয়ের কবলে পড়বে, যার সম্পূর্ণ দায় সরকারকে নিতে হবে। নির্বাচনের পথে কয়েকটি রাজনৈতিক দল প্রতিবন্ধকতা সৃষ্টির অপচেষ্টা করছে। বিএনপির পক্ষে জন-জোয়ার দেখে তারা নন-ইস্যুকে ইস্যু বানিয়ে নৈরাজ্য সৃষ্টি করে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে দেশকে আবার অন্ধকারের দিকে নিয়ে যেতে চায়। এতে সুযোগ নিয়ে পলাতক ফ্যাসিবাদ আবার ফিরে আসবে।
আওয়ামী ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার চক্রান্ত হচ্ছে বলে জনমনে ধারণা জন্মেছে। আওয়ামী ফ্যাসিবাদকে ফিরিয়ে আনা এবং গণতন্ত্র ও গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধ্বংস করার যেকোনো চক্রান্ত রুখে দিতে হবে। যেকোনো মূল্যে ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে।
সমাবেশের পর একটি মিছিল হালুয়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা পরিষদ, পুরাতন বাসস্ট্যান্ড, মধ্য বাজার, উত্তর বাজার হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয় ।
এই মিছিলে নারী ও গারোদের ব্যাপক উপস্থিতি সকলের নজর কাড়ে। মিছিলটিতে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
মিছিলে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলীসহ উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

