বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশ রক্ষার জন্য নেতাকর্মীদের যুদ্ধে নামতেই হবে। ঘর থেকে বের হয়ে মানুষের কাছে যেতে হবে; নইলে দেশ ধ্বংস হয়ে যাবে।
বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর কেআইবি মিলনায়তনে যুবদলের নেতাকর্মীদের নিয়ে আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, আগামীর বাংলাদেশ পরিচালনার সুস্পষ্ট পরিকল্পনা একমাত্র বিএনপিই দিয়েছে। আগামী নির্বাচনে ধানের শীষকে জয়ী করা ছাড়া বিকল্প নেই।
দুর্নীতি দমনে ‘জিহাদ’ ঘোষণার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, সরকারের প্রচেষ্টার পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে সমাজিক মানসিকতা পরিবর্তন জরুরি।
মানবাধিকার লঙ্ঘনের সমালোচনা করে তিনি বলেন, সবার বেঁচে থাকার অধিকার নিশ্চিত করা হবে।
নারী, কৃষি ও শিক্ষাখাতে বড় পরিবর্তনের ঘোষণা দিয়ে তিনি জানান—
- নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু,
- কৃষি রফতানি বৃদ্ধির উদ্যোগ,
- ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষায় দক্ষতা অর্জনের মতো নতুন শিক্ষাব্যবস্থা গড়ে তোলা হবে।
মেগা প্রকল্প না করে শিক্ষা-স্বাস্থ্য-মানবসম্পদে বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ১০ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে, যার ৮০–৮৫ শতাংশ নারী থাকবে।
এর পাশাপাশি জনসংখ্যা নিয়ন্ত্রণ, খেলাধুলা উন্নয়ন ও নগর পরিকল্পনায় প্রতিটি ওয়ার্ডে বাজারদরে জমি কিনে খেলার মাঠ করার পরিকল্পনাও তুলে ধরেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অন্যান্য নেতাদের মধ্যে ছিলেন হাবিব উন নবী খান সোহেল, ডা. জিয়াউদ্দিন হায়দার, আমিনুল হকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা।

ডেস্ক রিপোর্ট 

























