রাজশাহীর তানোরে পরিত্যক্ত ও অকেজো একটি গভীর নলকূপের পাইপে পড়ে আটকা পড়েছে দুই বছরের শিশু স্বাধীন। তাকে জীবিত উদ্ধারে স্থানীয় ফায়ার সার্ভিস, পুলিশ এবং বিশেষায়িত রেসকিউ দল নিরলসভাবে কাজ করছে।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট গ্রামে এ ঘটনা ঘটে। আটকে পড়া শিশুর নাম মো. স্বাধীন। তার বাবা রাকিব। নলকূপটির মালিক স্থানীয় বাসিন্দা তাহের।
পরিবারের বাড়ির পাশে থাকা বহুদিনের অব্যবহৃত নলকূপটির মুখ খোলা ছিল। খেলতে খেলতে শিশুটি অসাবধানতাবশত সেখানে পড়ে যায়। নলকূপটি প্রায় ৩৫ ফুট গভীর এবং পাঁচ ফুট ব্যাসবিশিষ্ট।
ফায়ার সার্ভিস জানিয়েছে, শিশুটি এখনো জীবিত থাকার সাড়া দিচ্ছে। তাকে সচল রাখতে নলকূপের ভেতরে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। উদ্ধারকর্মীরা বলছেন, শিশুটিকে তুলতে হলে নলকূপের চারপাশ খনন করে নিচে পৌঁছাতে হবে—যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও সময়সাপেক্ষ। তারপরও তাকে জীবিত উদ্ধারে সবরকম চেষ্টা চলছে।
উদ্ধার তৎপরতা জোরদার করতে চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি বিশেষায়িত রেসকিউ দল ঘটনাস্থলে আসছে।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান বলেন, “নলকূপটি বহুদিন ব্যবহারহীন ছিল। এখন আমাদের প্রধান লক্ষ্য শিশুটিকে জীবিত উদ্ধার করা।” তিনি জানান, ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে উদ্ধার কাজে সর্বাত্মক চেষ্টা শুরু করেছে।

ডেস্ক রিপোর্ট 

























