জুলাই-২৪-ই প্রকৃত স্বাধীনতার প্রতীক বলে মন্তব্য করেছেন বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির। তিনি বলেন, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে হবে। এ নিয়ে কোনো টালবাহানা চলবে না। জুলাই-২৪-এর চেতনা বাস্তবায়ন না হলে বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না।
শনিবার (১১ জুলাই) বিকেলে জয়পুরহাট শহীদ ডা. আবুল কাশেম ময়দানে জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার শাহরিয়ার কবির বলেন, জুলাই-২৪-এর আন্দোলনে জনগণের বিজয় হয়েছে। তাই ওই আন্দোলনের চেতনা ধারণ করে সরকারকে দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। এর কোনো বিকল্প নেই।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ দেশের জনগণের শত্রু। স্বাধীনতার নামে দলটি দেশকে ভারতের কাছে বিক্রি করে দিতে চেয়েছিল। তাদের কোনো রাজনৈতিক চরিত্র নেই। আওয়ামী লীগের রাজনীতি গুম, খুন ও লুটপাটের রাজনীতি। তাদের শাসনামলে গণতন্ত্র ধ্বংস হয়েছে এবং গুম-নির্যাতন চালানো হয়েছে। তাই আওয়ামী লীগকে সামাজিক ও অর্থনৈতিকভাবে বয়কট করার আহ্বান জানান তিনি।
জনসভায় সভাপতিত্ব করেন জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর আমির এবং জয়পুরহাট-১ (সদর-পাঁচবিবি) আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদ।
‘জাতির সঙ্গে বেইমানি করব না, গণভোট বাস্তবায়নে বাধ্য করব’
সভাপতির বক্তব্যে ফজলুর রহমান সাঈদ বলেন, ক্ষমতায় থেকে যারা চাঁদাবাজি ও দুর্নীতি করে, জনগণ তাদের প্রত্যাখ্যান করে। দেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতি সম্মান জানিয়ে সরকারকে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। তা না হলে দেশের জনগণকে সঙ্গে নিয়ে আরও বৃহত্তর ও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। এ বিষয়ে কোনো টালবাহানা মেনে নেওয়া হবে না।
এ সময় আরও বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া মণ্ডল, জেলা এনসিপির আহ্বায়ক গোলাম কিবরিয়া তাপস, যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী গোলাম কবির, এবি পার্টির জেলা সভাপতি সুলতান মো. সামছুজ্জামান, সাধারণ সম্পাদক বেলাল হোসেন, জয়পুরহাট খেলাফত মজলিসের সহসভাপতি মাওলানা মোর্শেদুল আলম মুর্তজা, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন এবং অ্যাডভোকেট মামুনুর রশিদসহ অন্যান্য নেতারা।
জনসভা সফল করতে বিকেল থেকেই জামায়াতসহ ১১ দলীয় জোটের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহীদ ডা. আবুল কাশেম ময়দানে সমবেত হন।

ডেস্ক রিপোর্ট 


















