ইরানের মাশহাদে নিরাপত্তা টহলের সময় অজ্ঞাত হামলায় দেশটির প্যারামিলিটারি বাসিজ ফোর্সের দুই সেনা নিহত হয়েছেন। শনিবার (১১ জুলাই) ইরানের খোরাসান রাজাভি প্রদেশের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) স্থানীয় শাখা ইমাম রেজা গার্ড কোরের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে প্রেস টিভি।
এক বিবৃতিতে বাহিনীটি জানায়, নিহতরা হলেন সৈয়দ সাজ্জাদ আলাভি ও মেহেদি হোনরমন্দ। মাশহাদের সারাফরাজান স্কয়ার এলাকায় নিরাপত্তা টহল দেয়ার সময় তাদের ওপর হামলা চালানো হয়। এলাকাটি ইমাম রেজার (আ.) পবিত্র মাজার থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থিত। জনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পালনের সময় হামলাকারীদের আক্রমণের শিকার হয়ে তারা নিহত হন।
হামলায় এক পথচারীও আহত হয়েছেন বলে জানা গেছে। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে। হামলাটি কে বা কারা চালিয়েছে তা এখনও স্পষ্ট করে জানাতে পারেনি তেহরান। তবে, আইআরজিসির প্রাদেশিক ইউনিট জানিয়েছে, হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। ঘটনার তদন্ত চলছে এবং এ বিষয়ে আরও তথ্য পরে প্রকাশ করা হবে।
এ হামলার ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন চলতি সপ্তাহে ইরানের মাশহাদ শহরে দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষ জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। এতে অংশ নিতে লাখ লাখ মানুষ জড়ো হয়েছিলেন।

ডেস্ক রিপোর্ট 


















