শাহ আলী মাজারে হামলার ঘটনা নিয়ে মুখ খুললো জামায়াত
রাজধানীর মিরপুরে হজরত শাহ আলী বোগদাদীর (রহ.) মাজারে ওরশ চলাকালে হামলার ঘটনা নিয়ে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের।
তিনি বলেন, মিরপুরের শাহ আলী মাজারে ঘটে যাওয়া অপ্রত্যাশিত ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে যে অভিযোগ উত্থাপন করা হচ্ছে, তা সম্পূর্ণ অপ্রমাণিত, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
রবিবার (১৭ মে) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জামায়াতে ইসলামী একটি দায়িত্বশীল, গণতান্ত্রিক ও আদর্শিক রাজনৈতিক সংগঠন। দলটি কখনো মাজার, ধর্মীয় প্রতিষ্ঠান কিংবা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ধর্মীয় অধিকার ও স্বাধীনতায় হস্তক্ষেপ করে না এবং হামলা-সহিংসতার রাজনীতিতে বিশ্বাস করে না।
ফরহাদ মজহারের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে জুবায়ের বলেন, সম্প্রতি কবি ও চিন্তক ফরহাদ মজহার সাহেব জামায়াতে ইসলামীকে জড়িয়ে যে বক্তব্য প্রদান করেছেন, তা অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত। বিশেষ করে কোনো নিরপেক্ষ তদন্ত বা সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই একটি দায়িত্বশীল রাজনৈতিক দলকে দায়ী করে বক্তব্য প্রদান একজন সচেতন বুদ্ধিজীবী ও চিন্তকের কাছ থেকে জাতি প্রত্যাশা করে না।
জামায়াতের সহকারী সেক্রেটারি আরও বলেন, আমরা মনে করি, এ ধরনের বক্তব্য সমাজে বিভ্রান্তি, বিভাজন ও অস্থিরতা সৃষ্টি করতে পারে। দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় সবার উচিত দায়িত্বশীল আচরণ করা এবং যাচাই-বাছাই ছাড়া কোনো ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন থেকে বিরত থাকা।
শাহ আলী মাজারে হামলা ও ভাঙচুরের ঘটনায় বিচার দাবি করে জামায়াতের এই নেতা বলেন, জামায়াতে সবসময় শান্তি, সহনশীলতা, সম্প্রীতি ও আইনের শাসনে বিশ্বাসী। শাহ আলী মাজারে ঘটে যাওয়া ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত ও বিচারের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

ডেস্ক রিপোর্ট 


















