পাবনার ঈশ্বরদীতে মাথায় কাফনের কাপড় বেঁধে হাতে অস্ত্র নিয়ে প্রকাশ্যে মহড়া দিয়েছেন সাবেক ছাত্রদল নেতা জুবায়ের হোসেন বাপ্পি। পরে থানায় গিয়ে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে দাবি করে পুলিশের কাছে লিখিত অভিযোগও করেন তিনি।
সোমবার বিকেলে শহরের কলেজ রোডের বাড়ি থেকে কাফনের কাপড় মাথায় বেঁধে অস্ত্র হাতে বের হন বাপ্পি। পরে জিরো পয়েন্ট রেলগেট এলাকায় যান তিনি। তার দাবি, হত্যার হুমকি দেওয়া ব্যক্তিদের পাশাপাশি মাদক ও সুদের কারবারিদের ‘ওপেন চ্যালেঞ্জ’ জানাতেই এভাবে রাস্তায় নেমেছেন।
পরে সন্ধ্যায় থানায় গিয়ে হত্যার হুমকির অভিযোগ করেন বাপ্পি। এ সময় তার সঙ্গে ছিলেন দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সুলভ মালিথা।
এদিকে বাপ্পিকে গ্রেপ্তারের দাবিতে ছাত্রদল, যুবদল ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন। কয়েকশ নেতাকর্মী সেখানে স্লোগান দেন। পরে পুলিশ বাপ্পিকে হেফাজতে নিয়ে থানায় রাখে।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব মেহেদী হাসানের অভিযোগ, বাপ্পি প্রকাশ্যে অস্ত্র নিয়ে তাকে হত্যার হুমকি দিয়েছেন। এ ঘটনায় তিনিও থানায় লিখিত অভিযোগ দিয়ে বাপ্পির গ্রেপ্তার ও অস্ত্রের লাইসেন্স বাতিলের দাবি জানিয়েছেন।
ঈশ্বরদী থানার ওসি আশাদুর রহমান আসাদ বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর বাপ্পিকে হেফাজতে নেওয়া হয়েছে। অস্ত্র প্রদর্শন করে হুমকি দেওয়া বা অস্ত্রের অপব্যবহারের অভিযোগ খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রাত ১১টা পর্যন্ত জুবায়ের হোসেন বাপ্পি পুলিশের হেফাজতে থানায় অবস্থান করছিলেন।

ডেস্ক রিপোর্ট 























