মালয়েশিয়ার জোহর রাজ্যের পেকান নেনাস ইমিগ্রেশন ডিপো থেকে বিভিন্ন দেশের ১৮০ জন বিদেশি বন্দিকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এদের মধ্যে ২২ জন বাংলাদেশি নাগরিকও রয়েছেন।
সোমবার (২২ জুন) জোহর ইমিগ্রেশন বিভাগের এক বিবৃতিতে জানানো হয়, বহিষ্কৃতদের মধ্যে সবচেয়ে বেশি ১৩২ জন মিয়ানমারের নাগরিক। এছাড়া বাংলাদেশের ২২ জন, ভিয়েতনামের ১২ জন, থাইল্যান্ডের ৯ জন, নেপালের ২ জন এবং শ্রীলঙ্কা, চীন ও সিঙ্গাপুরের একজন করে নাগরিক রয়েছেন।
ইমিগ্রেশন বিভাগ জানায়, কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর-১ ও ২, সেনাই আন্তর্জাতিক বিমানবন্দর এবং সুলতান ইস্কান্দার ভবন কমপ্লেক্সের মাধ্যমে এসব বন্দিকে নিজ দেশে পাঠানো হয়েছে।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যক্তিরা মালয়েশিয়ার পেনাল কোড, বিপজ্জনক মাদক আইন ১৯৫২, ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩-এর অধীনে বিভিন্ন অপরাধে দণ্ডপ্রাপ্ত হয়ে কারাভোগ করছিলেন। সাজা সম্পন্ন হওয়ার পর তাদের বিরুদ্ধে নির্বাসন কার্যক্রম শুরু করা হয়।
ইমিগ্রেশন বিভাগ আরও জানিয়েছে, বহিষ্কৃত সব ব্যক্তিকে বিভাগের কালো তালিকাভুক্ত (ব্ল্যাকলিস্ট) করা হয়েছে। ফলে নির্ধারিত সময়ের মধ্যে তারা কোনো কারণেই মালয়েশিয়ায় পুনরায় প্রবেশ করতে পারবেন না।
প্রত্যাবাসন কার্যক্রমের ব্যয় বন্দিদের নিজস্ব অর্থ, তাদের পরিবারের আর্থিক সহায়তা এবং বিশেষ কিছু ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের দূতাবাস বহন করেছে বলে জানানো হয়।
এদিকে পেকান নেনাস ইমিগ্রেশন ডিপো স্পষ্ট করেছে, দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া ও বিমান টিকিট ক্রয়ের সব কার্যক্রম ডিপোর নিজস্ব সার্ভিস কাউন্টারের মাধ্যমে সম্পন্ন করা হয়। এ ক্ষেত্রে কোনো ধরনের অতিরিক্ত সার্ভিস চার্জ বা ফি নেওয়া হয় না বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

ডেস্ক রিপোর্ট 


















