যুক্তরাষ্ট্রের কংগ্রেসে দেওয়া এক সাক্ষ্যে তিন নারীর সঙ্গে পরকীয়ার সম্পর্কের কথা স্বীকার করেছেন বিল গেটস। একই সঙ্গে তিনি দাবি করেছেন প্রয়াত যৌন অপরাধী জেফরি এপস্টেইন তার ব্যক্তিগত সম্পর্কের তথ্য ব্যবহার করে তাকে ব্ল্যাকমেইল করতেন।
মার্কিন প্রতিনিধি পরিষদের তদন্তের অংশ হিসেবে গত ১০ জুন দীর্ঘ সাক্ষ্য দেন বিল গেটস। সেই সাক্ষ্যে তিনি দুই রুশ নারীর সঙ্গে সম্পর্কের কথা উল্লেখ করেন। তাদের একজন ব্রিজ খেলোয়াড় মিলা আন্তোনোভা এবং অন্যজন পারমাণবিক পদার্থবিজ্ঞানী কারিমা নিগমাতুলিনা। খবর দ্য টেলিগ্রাফের।
গেটস আরও জানান, একপর্যায়ে তিনি আশঙ্কা করেছিলেন, তার কোনো সম্পর্কের মাধ্যমে যৌনবাহিত রোগে আক্রান্ত হয়ে থাকতে পারেন। এ বিষয়ে তিনি এক বন্ধুর সঙ্গে আলোচনা করে থাকতে পারেন বলেও স্বীকার করেন। তবে তিনি জোর দিয়ে বলেন, তিনি কখনো যৌনবাহিত রোগে আক্রান্ত হননি এবং কাউকে গোপনে কোনো ওষুধও দেননি।
প্রকাশিত নথি অনুযায়ী, কংগ্রেস সদস্যরা ২০১৩ সালে এপস্টেইনের কাছে পাঠানো একটি ই-মেইল দেখান, যেখানে অ্যালিস জ্যাকবস নেসেলরডট নামক এক নারীর উল্লেখ ছিল। এর পরিপ্রেক্ষিতে গেটস বলেন, ‘এক সময় ড. জ্যাকবসের সঙ্গে আমার সম্পর্ক ছিল। তাই বিষয়টি সেই প্রসঙ্গের সঙ্গে মিলে যেতে পারে।’
সাক্ষ্যে বিল গেটস জানান, ২০১১ থেকে ২০১৪ সালের মধ্যে তিনি এপস্টেইনের সঙ্গে প্রায় ১২ থেকে ১৪ বার সাক্ষাৎ করেছেন এবং দুবার স্কাইপে কথা বলেছেন।
উল্লেখ্য, ২০১৯ সালে কারাগারে থাকা অবস্থায় জেফরি এপস্টেইনের মৃত্যু হয়। গত বছর থেকে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এপস্টেইনসংক্রান্ত বিভিন্ন নথি প্রকাশ শুরু করার পর তার সঙ্গে বিল গেটসের সম্পর্ক নতুন করে আলোচনায় আসে।

ডেস্ক রিপোর্ট 


















