রাঙামাটি জেনারেল হাসপাতালের চিকিৎসকের আন্তরিক প্রচেষ্ঠায় তিন দিনের শিশু নতুন জীবন ফিরে পেয়েছে। রাঙামাটি সদর হাসপতালের ডাক্তার পেডিয়াট্রিক সার্জন ডা. সবুজ কান্তি ও ডা. সাগর নন্দী (এনেস্থেশিয়া বিশেষজ্ঞ) এই প্রথম ওই হাসপাতালে এতো জটিল একটি সার্জারি সফলভাবে সম্পন্ন করেন। তাদের এই সফলতায় আন্তরিকতা ও শুভেচ্ছায় ভাসছেন রাঙামাটি হাসপাতাল কর্তৃপক্ষ। এতেই প্রমাণ হয় রাঙামাটি জেনারেল হাসপাতালের সক্ষমতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মো. আদিয়ান, বয়স মাত্র ০৩ দিন। বাসা শহরের রিজার্ভ বাজার এলাকায়। পৃথিবীতে জন্ম নিয়েই মৃত্যুর কাছাকাছি চলে যায় আদিয়ান। দিনমজুর বাবার সন্তান আদিয়ান জটিল জন্মগত রোগ নিয়ে জন্মগ্রহণ করে।
রবিবার (২৪ মে) সকালে শারীরিক সমস্যা নিয়ে আমাদের হাসপাতালে ভর্তি হলে আমাদের চিকিৎসকগন জানান, আদিয়ানের হয়েছে Ruptured Myelomeningocele, এটি একটি জন্মগত ত্রুটি যেখানে মেরুদণ্ডের হাড় সঠিকভাবে জোড়া না লাগায় স্নায়ুরজ্জু বের হয়ে যায়। যদি ডেলিভারির সময়ে অথবা জন্মের পর কোন কারনে এটা ফেটে যায় তাহলে ফেটে যাওয়া অংশ দিয়ে সর্বক্ষণ স্নায়ুরস (CSF) বের হতে থাকে। যদি জরুরি ভিত্তিতে এটা বন্ধ করা না হয় তাহলে শিশুর ব্রেইনে সংক্রমণ হয়ে মৃত্যুঝুঁকি থাকে।
আদিয়ানের বাবার আর্থিক ও সামাজিক অবস্থা বিবেচনায় আমাদের সীমাবদ্ধতার বাইরে গিয়ে এই প্রথম রাঙামাটিতে জটিল অপারেশনটি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা সেদিন বলেছিলাম দিন দিন আমাদের সামর্থ্য ও সক্ষমতা বাড়াবো । আদিয়ানের অপারেশনটিতে ১০০% নিশ্চিত মৃত্যুর ঝুঁকি ছিলো, আবার অপারেশন না করলেও মৃত্যুর ঝুঁকি ছিলো। শিশু আদিয়ানের পরিবারের মুচলেকা নিয়ে রবিবার ২৪ মে দুপুরে আমাদের পেডিয়াট্রিক সার্জন ডা. সবুজ কান্তি মহোদয় ও ডা. সাগর নন্দী (এনেস্থেশিয়া বিশেষজ্ঞ) এই প্রথম এতো জটিল একটি সার্জারি সফলভাবে সম্পন্ন করেন। রাঙামাটি জেনারেল হাসপাতালে এই প্রথম এতো ছোট শিশুর এমন জটিল অপারেশন করা হয়েছে।
বিষয়টি আমাদের জন্য প্রচুর ঝুঁকিপূর্ণ বিষয় ছিলো, আমাদের সীমাবদ্ধতার বাহিরে ছিলো। এ ধরনের অপারেশন সাধারণত জেলা হাসপাতালে করা হয় না। কিন্তু আমাদের চিকিৎসকগণ আদিয়ানের পরিবারের সকল দিক বিবেচনা করে কাজটি করেছেন। চোখের সামনে শিশু আদিয়ানের মৃত্যু আমরা মেনে নিতে পারছিলাম না। তাই চিকিৎসকগণ দায়িত্ববোধ এবং সাধারণ প্রান্তিক জনগণের প্রতি অঙ্গীকার থেকে আদিয়ানের পৃথিবীতে বেঁচে থাকা নিশ্চিত করেছেন।
রাঙামাটি জেনারেল হাসপাতালের সিভিল সার্জন কাম তত্ত্বাবধায়ক ডা. নূয়েন খীসা, আবাসিক চিকিৎসক ডা. মুহাম্মদ শওকত আকবর খান মহোদয় হাসপাতালের পুরো সার্জারি টিমকে অভিনন্দন ও আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন। এ ধরনের দায়িত্বশীল কাজের জন্য শুভকামনা জানিয়েছেন।

ডেস্ক রিপোর্ট 


















