ব্যক্তিগত জীবন, গ্রেপ্তার, আইনি লড়াই এবং ভবিষ্যৎ নিয়ে এবার খোলামেলা কথা বলেছেন ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমণি। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দীর্ঘদিন নীরব থেকেছেন, কারণ তার বিশ্বাস ছিল—সত্য একদিন না একদিন প্রকাশ হবেই।
পরীমণি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে প্রায়ই সমালোচনার মুখে পড়তে হয়। এমনকি কোনো পুরুষের সঙ্গে ছবি প্রকাশ করলেও নানা ধরনের কটূক্তি শুনতে হয়। তার ভাষায়, মানুষ যেন তাকে শুধু সন্তানদের সঙ্গেই দেখতে চায়।
নিজের গ্রেপ্তারের প্রসঙ্গ টেনে অভিনেত্রী বলেন, জেল থেকে মুক্তির পর এতদিন বিষয়টি নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি। তার দাবি, গ্রেপ্তারের সময় আইনগত প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হয়নি। তিনি অভিযোগ করেন, সে সময় তার বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা বা বাসায় তল্লাশির অনুমতি ছিল না।
পরীমণির দাবি, পরে পুরো ঘটনার বিবরণ জানতে পেরে তার মনে হয়েছে, অনেক কিছুই পরিকল্পিত ছিল। তবে তিনি সবসময় ধৈর্য ধরেছেন এবং আইনের ওপর আস্থা রেখেছেন।
চলমান মামলার বিষয়ে তিনি বলেন, তিনি কখনো রাষ্ট্রের ওপর চাপ সৃষ্টি করেননি বা বিচার প্রক্রিয়া নিয়ে আহাজারি করেননি। আদালতের প্রতি পূর্ণ আস্থা রেখে তিনি বলেন, যতদিনই লাগুক, তিনি আইনি প্রক্রিয়ায় অংশ নেবেন এবং একদিন আদালত তাকে নির্দোষ ঘোষণা করে তার সম্মান ফিরিয়ে দেবে বলে বিশ্বাস করেন।
দেশে শিল্পীদের নিরাপত্তা প্রসঙ্গেও কথা বলেন পরীমণি। তিনি বলেন, শুধু শিল্পী নয়, বাংলাদেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সমাজের সব শ্রেণি-পেশার মানুষ যেন হয়রানি ও অনিরাপত্তা থেকে মুক্ত থেকে স্বাভাবিক জীবনযাপন করতে পারেন, সেই প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

ডেস্ক রিপোর্ট 

























