জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আমি শুধু একজন এমপি নই, একজন মন্ত্রী। আমার গাড়িতে জাতীয় পতাকা থাকে। সংসদ অধিবেশন চলাকালে মন্ত্রীরা মাসে একবার কথা বললেও আমি প্রতিদিন দুই থেকে তিনবার কথা বলতে পারি। সে হিসেবে আমার পদমর্যাদা মন্ত্রীদের চেয়েও বেশি।
রোববার (৩১ মে) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. তাহের বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি আমাদের চেয়ে ১০ শতাংশ বেশি ভোট পেয়েছে। জামায়াতে ইসলামী এককভাবে ৬৮টি এবং জোটগতভাবে ৭৭টি আসন অর্জন করেছে। আমরা আশা করি ভবিষ্যতে জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে।
চৌদ্দগ্রামের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, কেউ কেউ দাবি করছেন এ এলাকার সব উন্নয়ন তাদের হাত ধরেই হবে। কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় আমি এ এলাকার অবকাঠামোগত উন্নয়নের জন্য ১২০ কোটি টাকার বরাদ্দ এনেছি। নির্বাচন শেষ হওয়ার মাত্র তিন মাসের মধ্যেই আরও ১০০ কোটি টাকার বরাদ্দ নিয়ে এসেছি। সরকারের মাত্র তিন মাস অতিবাহিত হয়েছে। আমরা চাই সরকার তার মেয়াদ পূর্ণ করুক। সরকার স্থিতিশীল থাকলে উন্নয়নের জন্য বরাদ্দ আরও বৃদ্ধি পাবে।

ডেস্ক রিপোর্ট 


















