জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ফলাফল ঘোষণায় বিলম্ব করায় ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।
‘জাকসু নির্বাচন ও সময় জ্ঞানহীন প্রশাসন’ শিরোনামে দেওয়া ওই স্ট্যাটাসে শিবির সভাপতি লিখেছেন, বিশ্ববিদ্যালয় মানে সৃজনশীল ও নতুন আইডিয়া সৃষ্টি হওয়ার জায়গা। কিন্তু যারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দায়িত্বে আছেন, জাকসু নির্বাচনের মাধ্যমে তারা কতটা সময় ও ব্যবস্থাপনা জ্ঞান রাখেন, তা পরিষ্কার হয়ে গেছে।
তিনি আরও লেখেন, পুরো পৃথিবী সেকেন্ড গুনে এগিয়ে চললেও আমরা দিন-মাস গুনে চলি। এতে কী পরিমাণ উৎপাদনশীল সময় নষ্ট হচ্ছে, তার হিসাব কেউ দিচ্ছে না। এভাবে চললে বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব নয়।
শিবির সভাপতি অভিযোগ করেন, দলকানা ও নিম্নমানের ব্যবস্থাপনা জ্ঞানসম্পন্ন সময় জ্ঞানহীন শিক্ষক-প্রশাসন দ্বারা কোনো বিশ্ববিদ্যালয় চলতে পারে না, চলতে দেওয়া হবে না।
প্রসঙ্গত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে ২৪ ঘণ্টা আগে। তবে এখনো ভোট গণনা শেষ না হওয়ায় ফলাফল ঘোষণার সময় জানা যায়নি। এতে শিক্ষক, শিক্ষার্থী ও প্রার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক 























