মিয়া গোলাম পরওয়ার বলেছেন, একাত্তরের জামায়াত এবং বর্তমান বাংলাদেশ জামায়াতে ইসলামি-র মধ্যে পার্থক্য রয়েছে। সময়ের প্রয়োজনে দলটির গঠনতন্ত্র একাধিকবার সংশোধন করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। বর্তমান গঠনতন্ত্রে মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও সংগ্রামকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে বলে জানান তিনি।
শুক্রবার (১ মে) সকালে কুমিল্লা টাউন হল মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগর শাখার আয়োজিত শ্রমিক সমাবেশ শেষে এসব কথা বলেন তিনি।
মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, গঠনতন্ত্রে এত পরিবর্তনের পরও একটি মহল পুরোনো বিতর্ককে সচেতনভাবে জিইয়ে রাখতে চায়। তার মতে, এ ধরনের বিতর্ক টিকিয়ে রাখা দেশপ্রেম বা স্বাধীনতার চেতনার প্রকাশ নয়; বরং এটি জাতিকে বিভক্ত করার বিদেশি ষড়যন্ত্রের অংশ হতে পারে। তিনি বলেন, দেশের স্বার্থে এসব বিতর্কের দ্রুত সমাধান প্রয়োজন।
নতুন প্রজন্মের কথা উল্লেখ করে তিনি বলেন, তাদের সামনে একটি ঐক্যবদ্ধ ও সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে জাতীয় ঐক্যের ওপর জোর দিতে হবে।
এ সময় তিনি আরও বলেন, দলটির আমিরের উদ্ধৃতি দিয়ে— ইতিহাস নিয়ে পড়ে থাকলে নতুন ইতিহাস রচনা সম্ভব নয়। তিনি দাবি করেন, বর্তমান সংসদের অনেক সদস্যই স্বাধীনতার পরে জন্মগ্রহণ করেছেন, তাই তাদের ‘স্বাধীনতাবিরোধী’ আখ্যা দেওয়া হলে তা জনগণের কাছে গ্রহণযোগ্যতা পায় না।

ডেস্ক রিপোর্ট 













