দুদিন আগেই নামাজ পড়তে চাইলে বাংলাদেশে ও পাকিস্তানে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন পশ্চিমবঙ্গ বিজেপির প্রভাবশালী মন্ত্রী দিলীপ ঘোষ। এবার সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও বাংলাদেশ চলে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। বলেছেন আইন, সংবিধান না মানলে মমতার বাংলাদেশে চলে যাওয়া উচিত।
বুধবার (১৭ জুন) সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা রক্ষী প্রত্যাহার করা হয়। দীর্ঘ ২০ বছর ধরে তার পার্সোনাল সিকিউরিটি অফিসার (পিএসও) ছিলেন স্বরুপ গোস্বামী ও কুসুম কুমার দ্বিবেদী৷ এদিন সন্ধ্যায় প্রশাসনিক নিয়ম অনুযায়ী তাদের সেই কাজ থেকে প্রত্যাহার করে অন্য তিন পিএসও নিয়োগ করা হয়।
এই ঘটনায় তীব্র বিরোধিতা করে ওই তিন ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীকে ডিউটিতে জয়েন করতে দেননি মমতা বন্দ্যোপাধ্যায়। এর পরিবর্তে বেসরকারি নিরাপত্তা রক্ষী নিয়োগ দিয়েছেন তিনি।
এরপর নিউটাউনে প্রাতঃভ্রমণে এসে বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এ সময় সাবেক মুখ্যমন্ত্রীর পিএসও বদল প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমাকে সরকার একসময় দুজন নিরাপত্তা রক্ষী দিয়েছিল, আমি তো চয়েস করিনি। সরকার দিয়েছিল উনারা থাকতেন। তাহলে উনি কেন চয়েস করবেন?’
তিনি আরও বলেন, ‘উনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন উনি এগুলো ঠিক করেছেন কাকে কোথায় পাঠাবেন। ছয় মাস পরপর পরিবর্তন করে দিতেন। ওনার থানা কালীঘাটে কোনোদিন ওসি বদল হয়নি, এয়ারপোর্ট থানায় কোনোদিন ওসি বদল হয়নি। তো এখন যিনি সরকারের নেতৃত্বে আছেন, তারও এসব সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। সেটা মুখ্যমন্ত্রী করছেন তাহলে উনি মানবেন না কেন? উনি সংবিধান মানবেন না, সরকার মানবেন না। এই দেশে আছেন কেন, চলে যান বাংলাদেশে।’

ডেস্ক রিপোর্ট 




















