এবার মানিকগঞ্জের সাটুরিয়ায় নেশাগ্রস্ত অবস্থায় মাকে মারধর ও ঘরবাড়ি ভাঙচুরের অপরাধে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি তাকে জরমিানা করা হয়েছে ১০০ টাকা। সাজাপ্রাপ্ত মো. সোহেল রানা উপজেলার বালিয়াটি ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের মৃত শমসের আলীর নাতি।
গতকাল বুধবার সকালে তাকে এ সাজা দেওয়া হয়। তাকে সাজা দেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিক জানালেন, মঙ্গলবার রাতে সোহেল তার নানাবাড়িতে গিয়ে নেশাগ্রস্ত অবস্থায় উৎপাত চালায়। ঘটনার পর বুধবার সকালে ভুক্তভোগীর মা আমার কাছে এসে ছেলের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন।
তিনি আরও জানান, সাটুরিয়া থানা–পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে অভিযোগের সত্যতা পায়। এরপর তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সোহেলকে সাজা দেন।

ডেস্ক রিপোর্ট 






















