এবার সৌদি আরবের সঙ্গে হুথি গোষ্ঠীর চলমান যুদ্ধে রিয়াদের পক্ষে না জড়ানোর জন্য পাকিস্তান ও তুরস্ককে সতর্ক করেছেন ইয়েমেনভিত্তিক সশস্ত্র গোষ্ঠীর জ্যেষ্ঠ নেতা মোহাম্মদ আল–বুখাইতি। গত আগস্টে সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের মধ্যে একটি ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর হয়েছে। এই চুক্তির অন্যতম শর্ত হচ্ছে, তিন দেশের মধ্যে কোনো একটি দেশ আক্রান্ত হলে তা অন্য ২ দেশের ওপর হামলা বলে গণ্য হবে।
যেহেতু হুথি গোষ্ঠী এখন নিয়মিত সৌদি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে, তাই অনেকেই চলমান সংঘাতে ত্রিপক্ষীয় চুক্তির আওতায় পাকিস্তান ও তুরস্কের জড়িয়ে পড়ার সম্ভাবনা দেখছেন। যদিও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে, হুতিদের বিরুদ্ধে তিন দেশের একাট্টা হয়ে প্রতিক্রিয়া জানানোর বিষয়ে এখনো কোনো আলোচনা হয়নি।
হুথি গোষ্ঠীর অন্যতম শীর্ষ নেতা মোহাম্মদ আল–বুখাইতি অবশ্য সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তিতে ‘প্রতীকী’ বলে উড়িয়ে দিয়েছেন। তবে একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সৌদি আরবের পক্ষে তুরস্ক বা পাকিস্তানের যেকোনও প্রত্যক্ষ সামরিক হস্তক্ষেপের জন্য এই দুই দেশকে ‘ভারি মূল্য’ চুকাতে হবে।
উল্লেখ্য, ইয়েমেনের সৌদি–সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সশস্ত্র বাহিনীকে কাবু করে দেশটির লোহিত সাগর তীরবর্তী সব শহর দখলে নিয়েছে হুথি গোষ্ঠী। এমনকি বাব আল–মান্দেব প্রণালির ওপরও নিজেদের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করেছে ইরান–সমর্থিত সশস্ত্র বিদ্রোহীরা।

ডেস্ক রিপোর্ট 



















