এবার রাজবাড়ী শহরের বড় বাজারের কাপড় ব্যবসায়ীদের সঙ্গে নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানার বিরোধকে কেন্দ্র করে পুলিশের সামনে তাকে মারধরের ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে মামলা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ। পুলিশ জানায়, সোমবার (৩১ আগস্ট) রাতে নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানা বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, জাকিয়া সুলতানা রাজবাড়ী বড় বাজারের কাদেরিয়া সুপার মার্কেটের তৃতীয় তলায় ‘আস্থা পোশাক শিল্প গার্মেন্টেস’ নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করেন। তার প্রতিষ্ঠানের এক কর্মচারী চাকরি ছেড়ে দেয়ার পর বেতন ও মালামালের হিসাব নিয়ে বিরোধের সৃষ্টি হয়।
এজাহারে অভিযোগ করা হয়, গত ২৩ আগস্ট ওই কর্মচারী ১৫ থেকে ২০ জন লোক নিয়ে জাকিয়ার প্রতিষ্ঠানে গিয়ে বেতন দাবি করেন এবং তাকে হুমকি দেন। এর কয়েক দিন পর গত শনিবার (২৯ আগস্ট) বেলা ১১টার দিকে ওই বিরোধকে কেন্দ্র করে বড় বাজারের কাপড় ব্যবসায়ীদের সঙ্গে জাকিয়া সুলতানার উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় তিনি কয়েকজন নারীকে সঙ্গে নিয়ে বাজারে অবস্থান নেন এবং নিজের ব্যবসা প্রতিষ্ঠানে হামলার বিচার দাবি করেন। পরে পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ ঘটনাস্থলে যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একজন নারী পুলিশ সদস্য জাকিয়া সুলতানাকে নিয়ে যাচ্ছেন। এ সময় পেছন থেকে কয়েকজন যুবক তাকে লাথি ও ঘুষি মারছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা–সমালোচনা শুরু হয়। ঘটনার পর সোমবার রাতে জাকিয়া সুলতানা থানায় মামলা করেন। মামলার পর অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ জানান, নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানা থানায় মামলা করেছেন। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মঙ্গলবার আদালতে সোপর্দ করা হবে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’ এর আগে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল, নারী উদ্যোক্তাকে মারধরের ঘটনায় কোনো মামলা হয়নি। পরে ভুক্তভোগী নারী মামলা করায় পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া শুরু করেছে।

ডেস্ক রিপোর্ট 























