বিলাসবহুল গাড়ি থেকে শুরু করে সামরিক যান, দেশীয় প্রযুক্তিতে তৈরি বৈদ্যুতিক গাড়ি কিংবা শিক্ষার্থীর উদ্ভাবিত ছোট রেসিং কার—বিভিন্ন ধরনের যানবাহনের স্টিয়ারিংয়ে দেখা গেছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে। শুধু ব্যক্তিগত আগ্রহ নয়, দেশীয় গাড়ি নির্মাণশিল্প ও তরুণ উদ্ভাবকদের উৎসাহ দিতেও বিভিন্ন সময়ে নিজেই গাড়ি চালিয়ে দেখেছেন তিনি।
সম্প্রতি নোয়াখালীর স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে গিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে পাশে বসিয়ে সামরিক যান চালান প্রধানমন্ত্রী। সেই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নতুন করে আলোচনায় আসে তাঁর গাড়ি চালানোর আগ্রহ।
এর আগেও বিভিন্ন সময়ে একাধিক গাড়ি ও যানবাহন চালিয়েছেন তারেক রহমান। সেগুলোর মধ্যে রয়েছে—
১. টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো
নিজের ব্যবহৃত টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো (২৫০ সিরিজ) গাড়ি নিজেই চালিয়ে সরকারি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। গত ৬ মে সন্ধ্যায় সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে সচিবালয় থেকে আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে যান তিনি।
২. টয়োটার প্রোটোটাইপ মডেল এ১
জাপানের বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটার কারখানা পরিদর্শনে গিয়ে প্রতিষ্ঠানটির প্রথম প্রাইভেট কারে চড়েন প্রধানমন্ত্রী। স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় কারখানায় পৌঁছালে কর্মকর্তারা তাঁকে গাড়িটি চালিয়ে দেখার আমন্ত্রণ জানান। এ সময় স্ত্রী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে গাড়িটিতে ওঠেন তিনি।
৩. শিক্ষার্থীর তৈরি গো-কার্ট
শুধু নামী ব্র্যান্ডের গাড়িই নয়, এক কলেজশিক্ষার্থীর তৈরি ছোট রেসিং কার গো-কার্টেও চড়েছেন প্রধানমন্ত্রী। রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় প্রাঙ্গণে রিজওয়ান রশিদ নামের এক শিক্ষার্থীর নিজস্ব নকশায় তৈরি গাড়িটি চালিয়ে দেখেন তিনি। তরুণ উদ্ভাবকের উদ্যোগকে উৎসাহিত করতেই তাঁর এই আগ্রহ।
৪. দেশীয় প্রতিষ্ঠানের তৈরি বৈদ্যুতিক এসইউভি
দেশীয় গাড়ি নির্মাণশিল্পের অগ্রগতি দেখতে বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের তৈরি বৈদ্যুতিক গাড়ি পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনা গাড়িগুলোর মধ্যে একটি স্পোর্টস ইউটিলিটি ভেহিকল বা এসইউভি নিজেই চালিয়ে দেখেন তিনি। এ সময় নির্মাতাদের প্রশংসা করেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
৫. বৈদ্যুতিক কাভার্ড ভ্যান
একই প্রতিষ্ঠানের তৈরি বৈদ্যুতিক কাভার্ড ভ্যানও চালকের আসনে বসে চালিয়ে দেখেন তারেক রহমান। দেশীয় প্রযুক্তিতে বাণিজ্যিক যানবাহন তৈরির উদ্যোগে আগ্রহ প্রকাশ করেন তিনি।
৬. বাইসাইকেল
দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীকে বাইসাইকেল দেওয়ার উদ্যোগের অংশ হিসেবে সেগুলোর মান যাচাই করেন প্রধানমন্ত্রী। এ সময় সচিবালয়ে নিজের কার্যালয়ের নিচে বিভিন্ন ধরনের বাইসাইকেল নিজেই চালিয়ে দেখেন তিনি।
৭. সামরিক যান
গত ২৪ নভেম্বর নোয়াখালীর স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে গিয়ে সামরিক যান চালান প্রধানমন্ত্রী। এ সময় তাঁর পাশের আসনে ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সামরিক বাহিনীর অন্য সদস্যরাও ওই যানে ছিলেন।
৮. বৈদ্যুতিক শাটল
২০২৬ সালের ১৭ জুন জাতীয় সংসদের বাজেট অধিবেশনে যোগ দিতে সংসদ ভবন চত্বরে পৌঁছে একটি সাদা রঙের খোলা বৈদ্যুতিক শাটলে ওঠেন প্রধানমন্ত্রী। এ সময় চালকের আসনে বসার আগ্রহ প্রকাশ করে তাঁকে বলতে শোনা যায়, ‘এটা কি আপনি চালাবেন, সরুন আমি চালাই।’
সব মিলিয়ে, প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ি চালানোর আগ্রহের পাশাপাশি দেশীয় গাড়ি নির্মাণশিল্প, প্রযুক্তি ও তরুণদের উদ্ভাবনী উদ্যোগের প্রতি তাঁর উৎসাহও এসব ঘটনায় উঠে এসেছে।

