আগামী ১০ বছরের মধ্যেও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাবনা দেখছেন না জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। নিজের রাজনৈতিক অভিজ্ঞতার ভিত্তিতে এমন মন্তব্য করেছেন তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পাকিস্তানের ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে কথা বলেন স্পিকার। তার বক্তব্যের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি উর্দু।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা মূলত আওয়ামী লীগের কর্মীদের সক্রিয় রাখার একটি কৌশল। তার মতে, আগামী ১০ বছরেও শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাবনা নেই।
এদিকে, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন শেখ হাসিনা। তবে বিএনপি সরকারের পক্ষ থেকে তার এ ঘোষণা প্রত্যাখ্যান করা হয়েছে। সরকারের বক্তব্য, আইনগত প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমেই কেবল তার দেশে ফেরা গ্রহণযোগ্য হতে পারে।
বিবিসি উর্দুর প্রতিবেদন অনুযায়ী, স্পিকার আরও বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। ভারত তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর না করলে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) যাওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৫ আগস্ট বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতে অবস্থান করছেন।

