চট্টগ্রামে ইসলামী আন্দোলন বাংলাদেশের এক নেতাকে আটক করার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শনিবার (১ নভেম্বর) দুপুর ১টা থেকে সংগঠনটির শতাধিক নেতাকর্মী পাঁচলাইশ থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

জানা গেছে, ইসলামী আন্দোলন বাংলাদেশের চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানার সভাপতি মো. ইজহারকে শুক্রবার রাতে পাঁচলাইশ থানা পুলিশের একটি টিম আটক করে। এ খবর পেয়ে শনিবার দুপুরে সংগঠনটির নেতাকর্মীরা থানা ঘেরাও করে স্লোগান দিতে থাকেন— “নারায়ে তাকবীর, আল্লাহু আকবর”, “পীর সাহেব চরমোনাই জিন্দাবাদ”, ও “ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ”।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পক্ষ থেকে থানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

সংগঠনটির কয়েকজন নেতা জানান, মে মাসের একটি মামলায় ইজহারকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়ানো হয়েছে। ওই মামলায় তিনি জড়িত নন, বরং ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে আওয়ামী লীগ সমর্থক হিসেবে ট্যাগ দিয়ে তাকে গ্রেপ্তার করানো হয়েছে। তারা অভিযোগ করেন, পুলিশ যাচাই-বাছাই ছাড়াই তাকে আটক করেছে।

পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সুলাইমান বলেন, “বিষয়টি এখনই বিস্তারিত বলা সম্ভব নয়, পরে জানানো হবে।”

শেষ খবর পাওয়া পর্যন্ত ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা থানা এলাকা ছেড়ে যাননি। সংগঠনটির নেতাদের একটি অংশ বর্তমানে পুলিশের সঙ্গে বৈঠক করছেন বলে জানা গেছে।