জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেছেন, নৌকা ডুবেছে, এখন ভাসবে শাপলা। নির্বাচন কমিশনের ‘ইগো’ ও বিশেষ একটি দলের প্রভাবে এনসিপিকে শাপলা প্রতীক দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। তুষার বলেন, “শাপলা প্রতীক হবে ডুবে যাওয়া নৌকার বিকল্প।”

শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল হলে আয়োজিত এনসিপির আঞ্চলিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরোয়ার তুষার আরও বলেন, “আওয়ামী লীগের পরে জাতীয় পার্টি দেশের সবচেয়ে বেশি ক্ষতি করেছে। এরশাদ কবরে গেছে, জাতীয় পার্টিও যাবে। এরা ভারতের এজেন্ট, জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ প্রতিষ্ঠার যে চেষ্টা চলছে, তা দেশের জনগণ কখনো মেনে নেবে না।”

জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, “এই সনদের বাস্তবায়নের নামে জাতির সঙ্গে মহা প্রতারণা করা হয়েছে। আমরা দেশে নতুন কোনো আওয়ামী লীগ দেখতে চাই না। সনদের আইনি স্বীকৃতির জন্য অবিলম্বে গণভোটের আয়োজন করতে হবে।”

বিএনপিকে উদ্দেশ করে তুষার বলেন, “বিএনপি যদি ‘না ভোটে’ প্রচারণা চালায়, তবুও তাদের ৩০ শতাংশ ভোট ওই দিকে গেলেও বাকি বিপুল ভোটে জুলাই সনদ পাস হবে। তখন তারা আয়নায় মুখ দেখাতে পারবে না। তাদের নেতা জিয়াউর রহমানও রাষ্ট্রপতি নির্বাচনের আগে ‘হ্যাঁ’–‘না’ ভোটের আয়োজন করেছিলেন, অথচ এখনকার বিএনপি সেই ব্যবস্থার বিরোধিতা করছে। জুলাই সনদের বিরুদ্ধে গেলে জনগণ তাদের দুমড়ে–মুচড়ে পদ্মায় ফেলে দেবে।”

সভায় সভাপতিত্ব করেন এনসিপির ফরিদপুরের প্রধান সমন্বয়ক সৈয়দা নীলিমা দোলা। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিন ও বিভাগীয় সংগঠক রাসেল আহম্মেদ। সভায় ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর ও শরীয়তপুর জেলার কয়েক শত নেতা–কর্মী উপস্থিত ছিলেন।