বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলালের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (১ নভেম্বর) এক বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেন, “একাত্তরে গণহত্যা, ধর্ষণ ও নারকীয় হত্যাযজ্ঞের কারণে জামায়াতে ইসলামীকেও নিষিদ্ধ করতে হবে”— মোয়াজ্জেম হোসেন আলালের এমন মন্তব্য দায়িত্বজ্ঞানহীন, অসৎ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও জাতীয় ঐক্যবিনষ্টকারী।

তিনি বলেন, আলালের বক্তব্যে স্পষ্ট বোঝা যায়— তিনি কাউকে খুশি করার জন্য জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। তার বক্তব্যে কর্তৃত্ববাদী ও আওয়ামী ফ্যাসিস্টদের সুর ধ্বনিত হয়েছে।

মাওলানা হালিম আরও বলেন, জামায়াতে ইসলামীর বিরুদ্ধে একাত্তরের হত্যাযজ্ঞে সম্পৃক্ততার অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক হীনমন্যতা থেকে প্রচারিত। স্বাধীনতার পর থেকেই প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করতে এ ধরনের প্রপাগান্ডা চালানো হয়েছে, কিন্তু জাতি এখন এসব মিথ্যাচার সম্পর্কে সচেতন।

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্বশীল অবস্থান থেকে আলালের এমন বিভাজনমূলক বক্তব্য জাতীয় ঐক্যের পরিপন্থী। দেশের রাজনৈতিক সংকট উত্তরণে যখন ঐকমত্য ও সহনশীলতার প্রয়োজন, তখন এ ধরনের উসকানিমূলক মন্তব্য রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থী।

জামায়াত নেতা আরও বলেন, জামায়াতে ইসলামী একটি নিবন্ধিত রাজনৈতিক দল, যার নীতি ও আদর্শ ইসলামী মূল্যবোধ, ন্যায়নীতি ও জনগণের কল্যাণে নিবেদিত। দলটি দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ইতিবাচক ভূমিকা রেখে আসছে। অতএব, জামায়াতকে নিষিদ্ধ করার দাবি অযৌক্তিক, অগণতান্ত্রিক ও বিদ্বেষপ্রসূত।