জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন নিজ নির্বাচনি এলাকার প্রান্তিক মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন। শনিবার রংপুরের পীরগাছা উপজেলার রহমত চরে তিনি এই মতবিনিময় সভায় অংশ নেন।

সভায় আখতার হোসেন দেশের প্রচলিত রাজনীতির সংকট, পেশিশক্তির অপব্যবহার, দুর্নীতি ও সমাজের বিভিন্ন অনিয়মের চিত্র সাধারণ জনগণের সামনে তুলে ধরেন। পাশাপাশি দেশে নতুন সংবিধানের প্রয়োজনীয়তা, চব্বিশ পরবর্তী সময়ের নয়া বন্দোবস্তের রূপরেখা এবং জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের করণীয় বিষয়গুলো নিয়েও আলোচনা করেন।

আখতার হোসেন বলেন, “ফ্যাসিস্ট সরকারের আমলে দেশের জনগণকে শুধু উন্নয়নের গান শোনানো হতো, কিন্তু সেই উন্নয়নের নামে চলতো লুটপাট। প্রবাসীর ঘামঝরানো টাকা, মেহনতি মানুষের কষ্টার্জিত টাকা—সব লুটপাট করে বিদেশে পাচার করা হতো। বিদেশিদের কাছ থেকে ধার করা টাকায় তৈরি হতো ইমারত। এই লুটপাট তন্ত্র নয়া বাংলাদেশে আর চলবে না। জনগণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে নেওয়া প্রতিটি পদক্ষেপের জবাবদিহিতা নিশ্চিত করা হবে।”

এ সময় তিনি স্থানীয় জনগণের কাছ থেকে বিভিন্ন সমস্যা সম্পর্কে জানতে চান এবং সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করেন।