তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ফ্রান্সে এয়ার কন্ডিশনার (এসি) ও বৈদ্যুতিক ফ্যান কেনাকে কেন্দ্র করে ব্যাপক হুড়োহুড়ি, সংঘর্ষ এবং বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। দেশজুড়ে নতুন তাপপ্রবাহের পূর্বাভাসের পর জনপ্রিয় সুপারমার্কেট চেইন লিডল স্বল্পমূল্যে প্রায় দুই লাখ ফ্যান ও এসি বিক্রির ঘোষণা দিলে বিভিন্ন শাখায় ভোর থেকেই দীর্ঘ লাইনে দাঁড়ান হাজারো মানুষ।
দোকান খোলার সঙ্গে সঙ্গে ক্রেতাদের হুড়োহুড়িতে কয়েকটি শাখায় প্রবেশদ্বার ক্ষতিগ্রস্ত হয়। কোথাও এসি ও ফ্যান দখলকে কেন্দ্র করে হাতাহাতি, ধাক্কাধাক্কি এবং মারামারির ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্যারিসসহ একাধিক এলাকায় পুলিশ মোতায়েন করা হয়।
অনেক ক্রেতা অভিযোগ করেন, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও তারা প্রয়োজনীয় পণ্য কিনতে পারেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ক্রেতাদের দৌড়ে দোকানে প্রবেশ, পণ্য নিয়ে টানাহেঁচড়া এবং বিশৃঙ্খলার নানা দৃশ্য দেখা গেছে।
এদিকে ফ্রান্সের জাতীয় জনস্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, সাম্প্রতিক তাপপ্রবাহে মৃত্যুর সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়েছে। মাত্র তিন দিনের তীব্র গরমে অতিরিক্ত অন্তত এক হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, ইউরোপজুড়ে চলমান তাপপ্রবাহে প্রায় ১৫ কোটি মানুষ প্রভাবিত হয়েছেন। পরিস্থিতির জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করে সংস্থাটি সতর্ক করেছে, ভবিষ্যতে এ ধরনের চরম আবহাওয়া আরও ঘন ঘন দেখা দিতে পারে।
এদিকে তাপপ্রবাহ মোকাবিলায় সরকারের প্রস্তুতি নিয়ে সমালোচনা শুরু হয়েছে। ফ্রান্সের গ্রিন পার্টি প্রধানমন্ত্রী সেবাস্তিয়াঁ লেকর্নুর সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার ঘোষণা দিয়েছে।

ডেস্ক রিপোর্ট 


















