ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুল আলিম আরিফ। নুর দাবি করেছিলেন, গ্রামের মতো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ৫০০ বা ১০০০ টাকায় ভোট বিক্রি করেছে। এই মন্তব্যকে শিক্ষার্থীদের জন্য অপমানজনক বলে নিন্দা জানিয়ে নুরকে বক্তব্য প্রত্যাহার করে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন আরিফ।

শনিবার (১ নভেম্বর) রাত সাড়ে ৯টায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে আব্দুল আলিম আরিফ লেখেন,

“বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টাকা দিয়ে কেনা যায় না। এই প্রজন্ম নিজেদের ভোটাধিকার নিয়ে সচেতন। যারা স্বার্থের কাছে নিজেকে বিক্রি করে, তারাই এই প্রজন্মকে বিক্রি করার স্বপ্ন দেখতে পারে।”

তিনি আরও বলেন,

“আমরা সততা, নিষ্ঠা ও কর্মপ্রচেষ্টার মাধ্যমে শিক্ষার্থীদের আস্থা অর্জন করব ইনশাআল্লাহ। ডাকসুর সাবেক সহসভাপতির মুখ থেকে এমন বক্তব্য আমাদের ব্যথিত করে। এটি শিক্ষার্থীদের জন্য অপমানজনক এবং তাদের ম্যান্ডেটকে অসম্মান করে।”

আরিফের আহ্বান—নুরুল হক নুর যেন অবিলম্বে তার বক্তব্য প্রত্যাহার করে শিক্ষার্থীদের কাছে ক্ষমা প্রার্থনা করেন।