ঢাকা, রবিবার — বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বিএনপির ভেতর থেকেই কেউ যদি ফ্যাসিস্ট হয়ে ওঠার চিন্তা করে, তাদের সেই প্রবণতা স্পষ্ট হয়েছে। তিনি বলেন, “সবার যেখানে ঐক্যবদ্ধ, বিএনপি সেখানে নোট অব ডিসেন্ট দিয়েছে — যেগুলো হচ্ছে: প্রধানমন্ত্রী এবং দলের প্রধান এক সঙ্গে থাকা যাবে না, কোনো ব্যক্তি ১০ বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবেন না ইত্যাদি। এগুলো যদি সংশোধন (অ্যামেন্ডমেন্ট) হয়, তাহলে স্বৈরাচারী হওয়ার সুযোগ থাকে না। তাই এগুলোর বিরোধিতা মানে হচ্ছে তাদের আবার স্বৈরাচারী হওয়ার খায়েশ আছে।”
ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আয়োজনে কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ‘২৮ অক্টোবর থেকে ৫ আগস্ট: ফ্যাসিবাদের কালো থাবা ও আগামীর বাংলাদেশের চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন ডা. তাহের।
তিনি আরও বলেন, “আমরা ফ্যাসিবাদকে কখনো ভয় পাইনি, আমরা সংগ্রাম করেছি, বিজয়ী হয়েছি। কিন্তু আজ যারা ফ্যাসিবাদকে ফিরিয়ে আনা এবং আমাদের ওপর দায় চাপানোর রাজনীতি করতে চায়, তাদেরকে বলছি—পুরোনো ফ্যাসিবাদ যদি আবারও ফিরে আসে, আমরা লড়াই করব, সংগ্রাম করব এবং ইনশাআল্লাহ পরাজিত করব।”
ডা. তাহের বলেন, তাঁরা ভয় পাচ্ছে না এবং যারা নতুন করে ফ্যাসিবাদী হওয়ার চেষ্টা করছেন তাদের ভবিষ্যত ভালো হবে না।

